November 22, 2026, 9:18 am

সাদিক কায়েম

ডাকসুর ভিপি সাদিক কায়েমের পৈতৃক বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) মো. আবু সাদিক (সাদিক কায়েম)-এর খাগড়াছড়ির পৈতৃক বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে খাগড়াছড়ি সদর উপজেলার নয়নপুর এলাকায় এ ঘটনা ঘটে। তবে প্রতিবেশীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

সাদিক কায়েমের বাবা মো. আবুল কাশেম জানান, গভীর রাতে বাড়ির ছাদে বিকট শব্দ শুনে তিনি বাইরে বের হওয়ার চেষ্টা করেন। এ সময় ঘরের দরজার সামনে কেরোসিন ও পেট্রল মেশানো তরল পদার্থ পড়ে থাকতে দেখেন। এ ছাড়া রাস্তার পাশের জানালায় আগুন দেওয়ার চেষ্টার চিহ্নও পাওয়া যায়। এ ঘটনায় পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন।

শব্দ ও পরিস্থিতি টের পেয়ে প্রতিবেশীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। পরে পানি ঢেলে আগুন নিভিয়ে ফেলেন তাঁরা।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মুকুল কুমার নাথ জানান, আগুন নিয়ন্ত্রণে আনার খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের কর্মীদের আর ঘটনাস্থলে যেতে হয়নি।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু জানান, খবর পেয়ে তিনি রাতেই সাদিক কায়েমের বাড়ি পরিদর্শন করেন। বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে এতে উল্লেখযোগ্য কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা