অসদাচরণ ও অদক্ষতার অভিযোগে বিভাগীয় মামলা চলমান থাকায় লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ মো. আরিফুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের বিচার শাখা-৩ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, মো. আরিফুল ইসলামের বিরুদ্ধে ‘বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (শৃঙ্খলা) বিধিমালা, ২০১৭’-এর বিধি ২(ক) ও ২(চ) অনুযায়ী অদক্ষতা ও অসদাচরণের অভিযোগে বিভাগীয় মামলা নং ০২/২০২৬ দায়ের করা হয়েছে।
অভিযোগের সুষ্ঠু তদন্ত ও অনুসন্ধানের স্বার্থে তাকে সাময়িক বরখাস্ত করার পরামর্শ দেয় সুপ্রিম কোর্ট। এর পরিপ্রেক্ষিতে বিধিমালার ১১ নম্বর বিধি অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, সাময়িক বরখাস্তকালীন সময়ে তিনি বিধি অনুযায়ী খোরাকি ভাতা পাবেন। আদেশটি অবিলম্বে কার্যকর হবে।
রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. খাদেম উল কায়েস।
লালমনিরহাট প্রতিনিধি: