August 13, 2026, 11:43 pm

মনোহরগঞ্জে ৬ বছর ধরে ঝুলে আছে সেতুর নির্মাণকাজ

মনোহরগঞ্জে ৬ বছর ধরে ঝুলে আছে সেতুর নির্মাণকাজ

কুমিল্লার মনোহরগঞ্জে নির্মাণাধীন নান্দনিক হাওরা আর্চ গার্ডার সেতুর কাজ ছয় বছর ধরে বন্ধ রয়েছে। ঠিকাদার মেয়াদ শেষ হওয়ার পর নির্মাণকাজ সম্পন্ন না করেই চলে যাওয়ায় এলাকার কয়েক হাজার বাসিন্দা যাতায়াতে চরম দুর্ভোগে পড়েছেন।

বুধবার (১২ আগস্ট) সরেজমিনে দেখা যায়, উপজেলা সদরের বাইশগাঁও ইউনিয়ন চড্ডা এলাকায় নির্মাণাধীন সেতুটির দুই প্রান্তে দুটি গার্ডারের কাজ সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন কাজ বন্ধ থাকায় গার্ডারের উপরিভাগে বেরিয়ে থাকা রডে মরিচা ধরে অকেজো হয়ে পড়ছে। স্থানীয়রা জানান, বিকল্প চলাচলের ব্যবস্থা না থাকায় তারা নিজ খরচে বাঁশের সাঁকো তৈরি করলেও বর্ষাকালে সেটি পানিতে ডুবে যায়।

উপজেলা এলজিইডি সূত্রে জানা যায়, ২০২০ সালে উপজেলা সদর থেকে হাওরা ও চড্ডা সড়ক এলাকায় নদনা খালের ওপর সেতুটির নির্মাণ কাজ শুরু হয়। চুক্তি অনুযায়ী ২০২২ সালে কাজটি শেষ হওয়ার কথা থাকলেও দুই দফা সময় বাড়িয়েও কাজ সম্পন্ন হয়নি। ২০২৩ সালে কার্যাদেশ বাতিল করা হয় এবং পুনঃদরপত্র আহ্বানের কথা জানানো হয়েছে।

ভুক্তভোগী বাসিন্দারা জানান, সেতুটির নির্মাণকাজ শুরুর পর থেকে ঠিকাদারের দেখা মেলেনি। তারা বলেন, গত পাঁচ বছরেরও বেশি সময় ধরে সেতুটির নির্মাণকাজ বন্ধ থাকায় তারা বিপাকে পড়েছেন। বিশেষ করে বোরো মওসুমে কৃষকদের ধান পারাপারে চরম সমস্যা হচ্ছে।

এলজিইডি উপজেলা প্রকৌশলী মো. কামাল হোসেন জানান, সেতুটির নতুন করে টেন্ডার হয়েছে এবং কাজ প্রক্রিয়াধীন। তবে কোন ঠিকাদার কাজটি পেয়েছে সে বিষয়ে তিনি কিছু জানেন না।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা