October 30, 2026, 6:33 am

টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাপানের বিশ্বখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি গাড়ি সংযোজন প্রক্রিয়া ঘুরে দেখেন এবং প্রতিষ্ঠানটির প্রথম উৎপাদিত যাত্রীবাহী গাড়ি সম্পর্কে অবগত হন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় কারখানাটি পরিদর্শনে যান প্রধানমন্ত্রী। সেখানে পৌঁছানোর পর টয়োটা কর্মকর্তারা তাকে গাড়িতে ওঠার আমন্ত্রণ জানান। পরে স্ত্রী ডা. জুবাইদা রহমানকে নিয়ে গাড়িতে ওঠেন তিনি।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন টয়োটা মোটর করপোরেশনের দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাসাহিকো মোয়েদা, টয়োটা সুশো করপোরেশনের মোবিলিটি বিভাগের সিইও শিগেরু হারাদা এবং চিফ অপারেটিং অফিসার (সিওও) শিনিচিরো ওতসুকাসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে আরও উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা।

১৯৩৫ সালে টয়োডা পরিবারের প্রথম গাড়ির প্রোটোটাইপ ‘টয়োডা মডেল এ১’ তৈরি হয়। পরের বছর ১৯৩৬ সালে তৈরি হয় ‘টয়োডা মডেল এএ’, যা প্রতিষ্ঠানটির প্রথম উৎপাদিত যাত্রীবাহী গাড়ি। বর্তমানে জাপানের টয়োটা সংগ্রহশালায় গাড়িটির প্রতিরূপ সংরক্ষিত রয়েছে।

চার দিনের রাষ্ট্রীয় সফরে বর্তমানে জাপানে রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা