October 30, 2026, 6:33 am

চুক্তিভিত্তিক সরকারি চাকরিজীবীরাও পাবেন নতুন পে-স্কেলের বেতন

চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া সরকারি কর্মকর্তা-কর্মচারীরাও নতুন বেতনকাঠামো অনুযায়ী বেতন ও ভাতা পাবেন। তবে তাদের বেতন নির্ধারিত হবে চুক্তিভিত্তিক নিয়োগের আগে অবসর নেওয়া পদটির গ্রেড ও ধাপ অনুযায়ী। এ ক্ষেত্রে নির্ধারিত বেতন থেকে মোট পেনশন বা বিশেষ অতিরিক্ত পেনশন বাদ দেওয়া যাবে। তবে বার্ষিক বেতন বৃদ্ধির সুবিধা পাবেন না তারা।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এসব বিধান চূড়ান্ত করে প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসহ প্রজাতন্ত্রের বিভিন্ন অসামরিক পদে জনস্বার্থে চুক্তিভিত্তিক নিয়োজিত ব্যক্তিদের বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা নির্ধারণে নতুন নিয়ম কার্যকর হবে গত ১ জুলাই থেকে।

গত ১ জুলাইয়ের আগে জাতীয় বেতনকাঠামো-২০১৫ অনুযায়ী চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া যেসব কর্মকর্তা-কর্মচারীর চুক্তির মেয়াদ এখনো বহাল রয়েছে, তাদের নতুন কাঠামো অনুযায়ী বেতন নির্ধারণ করা হবে। তবে এ জন্য সংশ্লিষ্ট চুক্তি সংশোধন করতে হবে। তারা বিধি অনুযায়ী বর্ধিত হারে বেতন ও চুক্তিতে উল্লেখ থাকা প্রযোজ্য ভাতা পাবেন।

অন্যদিকে, গত ১ জুলাইয়ের পর চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া বা ভবিষ্যতে নিয়োগ পেতে যাওয়া ব্যক্তিদের বেতন নির্ধারিত হবে অবসরের ঠিক আগে প্রাপ্য মূল বেতনের গ্রেড ও ধাপ অনুযায়ী। এ ক্ষেত্রেও চুক্তি সংশোধন করতে হবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদে বার্ষিক বেতন বৃদ্ধি, আনুতোষিক বা পেনশন বৃদ্ধির সুবিধা দেওয়া হবে না। তবে বিশেষ ক্ষেত্রে সরকার নির্ধারিত বেতন অথবা উভয় পক্ষের সম্মতিতে চুক্তিতে উল্লেখ করা বেতন কার্যকর হতে পারে।

সরকারি চাকরি থেকে অবসর নেননি, এমন ব্যক্তিদের চুক্তিভিত্তিক নিয়োগের বেতন-ভাতা ও অন্যান্য শর্ত তাদের যোগ্যতা ও গুণাগুণ বিবেচনায় জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ বিভাগ যৌথভাবে নির্ধারণ করবে।

নতুন প্রজ্ঞাপনের মাধ্যমে ২০১৬ সালের ২৬ জানুয়ারি জারি করা আগের প্রজ্ঞাপনটি বাতিল করা হয়েছে। নতুন নির্দেশনার সঙ্গে সাংঘর্ষিক আগের আদেশ ও নির্দেশনার সংশ্লিষ্ট অংশও বাতিল হবে। তবে নতুন বিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নির্দেশনা বহাল থাকবে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা