পণ্য বা সেবা কেনাকাটা না করে শুধু নগদ অর্থ উত্তোলনের জন্য ‘বাংলা কিউআর’ ব্যবহার করলে সংশ্লিষ্ট অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হবে বলে সতর্ক করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।
বুধবার (৩০ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ব্যাংকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ সতর্কবার্তা দেন।
আরিফ হোসেন খান বলেন, ‘বাংলা কিউআর’ বাংলাদেশ ব্যাংকের নিজস্ব কোনো উদ্যোগ নয়। নগদবিহীন লেনদেন ব্যবস্থা গড়ে তুলতে এটি সরকারের একটি সার্বিক উদ্যোগ। প্রতিটি লেনদেনের সঠিক তথ্য ও স্বচ্ছতা নিশ্চিত করাই এর মূল লক্ষ্য।
তিনি আরও বলেন, সেবা দিতে কোনো ব্যাংক বা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠান গড়িমসি করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যারা এ ব্যবস্থার সঙ্গে যুক্ত হবে না, ভবিষ্যতে তারা অস্তিত্বের সংকটে পড়তে পারে বলেও সতর্ক করেন তিনি।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বর্তমানে ব্যাংক ও এমএফএস গ্রাহকরা মোবাইল অ্যাপের মাধ্যমে দেশের প্রায় ৩৯ লাখ মার্চেন্টের বাংলা কিউআর স্ক্যান করে পণ্যের মূল্য পরিশোধ করছেন। গত জুনে দৈনিক গড়ে প্রায় ১ লাখ বাংলা কিউআর পেমেন্ট হতো, যার আর্থিক পরিমাণ ছিল প্রায় ২৮ কোটি টাকা। বর্তমানে তা বেড়ে দৈনিক গড়ে প্রায় সাড়ে ৩ লাখ লেনদেনে দাঁড়িয়েছে। এর আর্থিক মূল্য প্রায় ১৪৩ কোটি ৫৪ লাখ টাকা। অর্থাৎ ৯০ দিনের ব্যবধানে লেনদেনের সংখ্যা সাড়ে তিন গুণ এবং অর্থমূল্য প্রায় পাঁচ গুণ বেড়েছে।
বাংলা কিউআরের ব্যবহার বাড়াতে আগামী ১ অক্টোবর থেকে সব বাংলা কিউআরভিত্তিক পেমেন্টের অর্থ তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট মার্চেন্টের হিসাবে জমা হবে। ফলে অর্থ পেতে মার্চেন্টদের আর অপেক্ষা করতে হবে না।
এ ছাড়া বাংলা কিউআর পেমেন্টে অর্থগ্রহণকারী প্রতিষ্ঠানের মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) ১ শতাংশ সম্পূর্ণ বাতিল করা হয়েছে। ইস্যুকারী প্রতিষ্ঠানের চার্জও শূন্য নির্ধারণ করা হয়েছে।
আগামীকাল বৃহস্পতিবার থেকে মার্চেন্ট পয়েন্টে ২ হাজার টাকা পর্যন্ত এনপিএসবি প্ল্যাটফর্মের প্রতিটি বাংলা কিউআর লেনদেনে পেমেন্ট গ্রহণকারী প্রতিষ্ঠানকে শূন্য দশমিক ১০ শতাংশ এবং ইস্যুকারী প্রতিষ্ঠানকে শূন্য দশমিক ২০ শতাংশ হারে প্রণোদনা দেবে বাংলাদেশ ব্যাংক।
পাশাপাশি আগামী ১ নভেম্বর থেকে বাংলা কিউআরভিত্তিক ব্যক্তিপর্যায়ের (পিটুপি) লেনদেন চালু হবে। এর মাধ্যমে একজন গ্রাহক অন্য গ্রাহকের বাংলা কিউআর স্ক্যান করে অথবা মোবাইল অ্যাপে কিউআরের ছবি আপলোড করে সহজেই অর্থ স্থানান্তর করতে পারবেন।