October 3, 2026, 11:53 am

শিশু সাংবাদিক ও শিশু অধিকারকর্মী জয়া বণিক। ছবি: সংগৃহীত

শেরপুরের শিশু সাংবাদিক জয়া আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনীত

শিশুদের ‘নোবেল’ খ্যাত আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার-২০২৬-এর জন্য মনোনীত হয়েছেন শেরপুরের তরুণ শিশু সাংবাদিক ও শিশু অধিকারকর্মী জয়া বণিক। শিশু সুরক্ষা, জলবায়ু ন্যায়বিচার ও শিক্ষার প্রসারে অবদানের স্বীকৃতি হিসেবে তাঁকে এ পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের ওয়েবসাইটে প্রকাশিত ২০২৬ সালের মনোনীতদের তালিকায় জয়া বণিকের নাম প্রকাশ করা হয়।

নেদারল্যান্ডসের আমস্টারডামভিত্তিক শিশু সহায়তা ও অ্যাডভোকেসি সংস্থা কিডস রাইটস ফাউন্ডেশন প্রতিবছর শিশুদের অধিকার ও কল্যাণে কাজ করা বিশ্বের বিভিন্ন দেশের শিশু-কিশোরদের এ পুরস্কারের জন্য মনোনীত করে থাকে।

জানা গেছে, গত চার বছর ধরে শিশু অধিকার ও সুরক্ষা নিয়ে কাজ করছেন জয়া। বাল্যবিবাহ, শিশুশ্রম ও শিক্ষাবঞ্চনার মতো সামাজিক সমস্যার বিরুদ্ধে গ্রাম ও অনলাইন প্ল্যাটফর্মে সচেতনতা তৈরিতে ভূমিকা রাখছেন তিনি। তাঁর উদ্যোগে একাধিক বাল্যবিবাহ প্রতিরোধের পাশাপাশি বিভিন্ন পরিবারকে শিশুদের শিক্ষার গুরুত্ব সম্পর্কে সচেতন করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা ও ডিজিটাল ক্যাম্পেইনের মাধ্যমে শিশু অধিকার বিষয়ে হাজারো মানুষের কাছে সচেতনতামূলক বার্তা পৌঁছে দিয়েছেন জয়া। পাশাপাশি মাঠপর্যায়ে কর্মশালা ও সম্প্রদায়ভিত্তিক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছেন। এসব কার্যক্রমে শিশু সুরক্ষা, অনলাইন নিরাপত্তা এবং শিক্ষার প্রতি শিশুদের আগ্রহ বাড়ানোর বিষয়কে গুরুত্ব দেওয়া হচ্ছে।

আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের জন্য মনোনীত হওয়ার প্রতিক্রিয়ায় জয়া বণিক বলেন, ‘আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়ে আমি ভীষণ আনন্দিত। শিশুদের নিয়ে কাজ করতে আমার ভালো লাগে। ভবিষ্যতে আরও ব্যাপকভাবে শিশুদের নিয়ে কাজ করতে চাই।’

আয়োজকদের মতে, শিশুদের অধিকার, শান্তি ও কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখা শিশু-কিশোরদের কাজকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতেই এ পুরস্কার দেওয়া হয়।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা