বাংলাদেশ ও চীনের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক বর্তমানে ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। পারস্পরিক রাজনৈতিক আস্থা বৃদ্ধি, অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতায় অগ্রগতি এবং দুই দেশের জনগণের মধ্যে ক্রমবর্ধমান যোগাযোগের কারণে এ সম্পর্ক আরও গভীর হয়েছে বলে জানান তিনি।
গণপ্রজাতন্ত্রী চীনের প্রতিষ্ঠার ৭৭তম বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার দেওয়া এক বিবৃতিতে ‘অর্ধশতাব্দীরও বেশি সময় হাতে হাত রেখে, আরো উজ্জ্বল ভবিষ্যতের পথে’ শীর্ষক বক্তব্যে এসব কথা বলেন ইয়াও ওয়েন।
চলতি বছর প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরকে দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে উল্লেখ করেন চীনা রাষ্ট্রদূত। তিনি বলেন, সফরকালে দুই দেশের নেতারা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে সমঝোতায় পৌঁছান এবং সম্পর্ককে নতুন যুগে চীন-বাংলাদেশ অভিন্ন ভবিষ্যতের অংশীদারত্বের পর্যায়ে উন্নীত করেন। তার মতে, এ উদ্যোগ দুই দেশের দীর্ঘমেয়াদি সম্পর্কের উন্নয়নে নতুন গতি তৈরি করেছে।
বাংলাদেশে দায়িত্ব পালনের সময় রাজনৈতিক পরিবর্তনের প্রসঙ্গ তুলে ইয়াও ওয়েন বলেন, গত তিন বছরে তিনি বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন এবং গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে নেওয়া ঐতিহাসিক সিদ্ধান্তগুলো কাছ থেকে দেখেছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সংস্কার ও উন্নয়নের নতুন পথে বাংলাদেশের অগ্রযাত্রার পাশাপাশি দেশের জনগণের দৃঢ়তা ও জাতীয় মর্যাদাবোধেরও প্রশংসা করেন তিনি।
চীন-বাংলাদেশ সম্পর্ক বিভিন্ন সময়ে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হলেও দুই দেশের অংশীদারত্বের প্রাণবন্ততা বজায় রয়েছে বলে উল্লেখ করেন ইয়াও ওয়েন। তিনি বলেন, প্রতিকূলতার মধ্যেও দুই দেশের সম্পর্ক অব্যাহতভাবে এগিয়ে চলেছে।
বাংলাদেশে তিন বছর নয় মাস দায়িত্ব পালনের পর কয়েক দিনের মধ্যেই দায়িত্ব ছাড়ছেন জানিয়ে চীনা রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশে কাটানো সময় তার কূটনৈতিক জীবনের অন্যতম অর্থবহ অধ্যায় হয়ে থাকবে। এক হাজার ৩০০ দিনের বেশি সময়ের এই অধ্যায়কে স্মরণীয় উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ ছাড়ার প্রস্তুতির এ সময়ে তার হৃদয় গভীর টান ও বিচ্ছেদ-বেদনায় ভারাক্রান্ত।
ভবিষ্যতে চীন-বাংলাদেশ সম্পর্ক আরও শক্তিশালী ও দুই দেশের সহযোগিতা আরও বিস্তৃত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন ইয়াও ওয়েন। তিনি বলেন, পৃথিবীর যেখানেই থাকুন না কেন, বাংলাদেশের সঙ্গে এবং চীন-বাংলাদেশ বন্ধুত্বের অগ্রযাত্রার সঙ্গে তার হৃদয়ের সম্পর্ক অটুট থাকবে।