লিওনেল মেসি এবার আনুষ্ঠানিকভাবে স্পেনের ক্লাব ফুটবলে মালিক হিসেবে যাত্রা শুরু করলেন। স্প্যানিশ দ্বিতীয় বিভাগের দল ক্লাব দেপোর্তিভো এলদেনসে অধিগ্রহণের প্রক্রিয়া সম্পন্ন করেছেন আর্জেন্টাইন এই তারকা।
বৃহস্পতিবার (১ অক্টোবর) এলদেনসে এক বিবৃতিতে মেসির মালিকানায় যাওয়ার বিষয়টি নিশ্চিত করে। ক্লাবটি জানায়, মেসির অধিগ্রহণের মধ্য দিয়ে শতবর্ষের বেশি পুরোনো ক্লাবটির ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হলো।
বিবৃতিতে বলা হয়, মেসির মালিক হিসেবে স্প্যানিশ পেশাদার ফুটবলে আগমন ক্লাবটির ক্রীড়াগত, প্রাতিষ্ঠানিক ও সামাজিক উন্নয়নের লক্ষ্যে একটি দীর্ঘমেয়াদি প্রকল্পের সূচনা করেছে।
বর্তমানে এলদেনসের মালিক কলম্বিয়ান বিনিয়োগকারী গ্রুপ গ্রুপো টিএইচ। কলম্বিয়া ও সুইজারল্যান্ডেও প্রতিষ্ঠানটির ক্লাব রয়েছে। তবে মেসির কাছে মালিকানা হস্তান্তরের চুক্তিটি কার্যকর হওয়ার জন্য স্পেনের জাতীয় ক্রীড়া পরিষদের অনুমোদন এখনো বাকি।
এর আগে চলতি বছরের শুরুতে বার্সেলোনা শহরের পঞ্চম বিভাগের ক্লাব কর্নেলার মালিকানা কিনেছিলেন মেসি। তবে কর্নেলা এখনো আধা-পেশাদার পর্যায়ে থাকায় এলদেনসের সঙ্গে মালিকানা নিয়ে বড় ধরনের জটিলতার আশঙ্কা কম। এলদেনসে অধিগ্রহণের মাধ্যমে মেসি প্রথমবারের মতো কোনো পেশাদার ফুটবল ক্লাবে সরাসরি বিনিয়োগ করলেন।
১৯২১ সালে প্রতিষ্ঠিত এলদেনসে দীর্ঘ সময় স্পেনের শীর্ষ দুই বিভাগের বাইরে খেলেছে। ১৯৬৪ সালের পর ২০২৩ সালে প্রথমবারের মতো দলটি স্পেনের দ্বিতীয় বিভাগে ওঠে। তবে ২০২৫ সালে অবনমিত হয়ে বর্তমানে তৃতীয় স্তরের ফুটবলে খেলছে তারা।
এলদা শহরের ৫ হাজার ৭৭৬ আসনের নুয়েভো পেপিকো আমাত স্টেডিয়ামে নিজেদের হোম ম্যাচ খেলে এলদেনসে। মেসির মালিকানায় ক্লাবটি এখন নতুন করে উন্নয়নের পথে এগোতে চায়।