October 3, 2026, 8:39 am

শাহজালাল বিমানবন্দর থেকে রূপপুরের পথে ইউরেনিয়াম, কঠোর নিরাপত্তায় ৩ লরির বহর

কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উদ্দেশে রওনা হয়েছে পারমাণবিক জ্বালানি ইউরেনিয়ামের বহর। তিনটি বিশেষ লরিতে করে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জন্য আনা ইউরেনিয়াম সড়কপথে প্রকল্প এলাকায় নেওয়া হচ্ছে।

শনিবার (৩ অক্টোবর) সকাল ৭টা ১৫ মিনিটের দিকে ইউরেনিয়ামবাহী লরিগুলো বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে। বহরের নিরাপত্তায় বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি), পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করছেন। সম্ভাব্য ঝুঁকি এড়াতে পুরো পথে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তাব্যবস্থা।

এর আগে শুক্রবার (২ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে পারমাণবিক জ্বালানিবাহী বিশেষ উড়োজাহাজটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের দায়িত্বশীল কর্মকর্তারা ইউরেনিয়ামের চালানটি গ্রহণ করেন।

প্রকল্পের নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী নভেম্বর ও ডিসেম্বর মাসে আরও ৯টি পৃথক ফ্লাইটে রূপপুর প্রকল্পের প্রথম ইউনিটের জন্য ৪৮টি এবং দ্বিতীয় ইউনিটের জন্য ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি বাংলাদেশে আসার কথা রয়েছে।

এসব জ্বালানি রাশিয়া থেকে কাজাখস্তান, তুর্কমেনিস্তান, আফগানিস্তান, পাকিস্তান ও ভারত হয়ে আকাশপথে ঢাকায় পৌঁছাবে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা