ওমরাহ পালন শেষে মদিনা থেকে ঢাকায় আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের যাত্রীদের জমজমের পানি সরবরাহে বিলম্বের ঘটনায় দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সকাল ৯টা ১০ মিনিটে মদিনা থেকে ঢাকায় আসে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৩৮ ফ্লাইট। তবে ফ্লাইটের ওমরাহ যাত্রীদের জমজমের পানি নির্ধারিত সময়ে ব্যাগেজ বেল্টে পৌঁছায়নি।
প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, কন্টেইনার অফলোডিং ও পরিচালনগত গাফিলতির কারণে জমজমের পানি সরবরাহে বিলম্ব হয়। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ব্যাগেজ ইনচার্জ মনিরুল ইসলাম প্রধান ও ফ্লাইট সুপারভাইজার সাদ্দাম হোসেনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
বিমান কর্তৃপক্ষ জানায়, বিষয়টি নজরে আসার পর যাত্রীদের সাময়িক দুর্ভোগ কমাতে নিজস্ব সংরক্ষিত স্টক থেকে দ্রুত জমজমের পানি বিতরণ করা হয়। পরে অপর কন্টেইনারটি শনাক্ত করে যাত্রীদের কাছে পানি সরবরাহ নিশ্চিত করা হয়।
যাত্রীসেবার মান ও দায়িত্বশীলতা নিশ্চিত করতে এ ঘটনায় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে অভ্যন্তরীণ তদারকি আরও জোরদার করা হয়েছে।