October 2, 2026, 3:27 pm

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে বিক্ষোভ, ৭০০ জনের বেশি আটক

ভারতের ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় অনিয়ম ও গণহারে ভোটারের নাম বাদ দেওয়ার অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ করেছেন বিভিন্ন রাজনৈতিক ও ছাত্র সংগঠনের নেতাকর্মীরা।

শুক্রবার (২ অক্টোবর) আয়োজিত এ বিক্ষোভে এআইএসএ, এসএফআই ও এনএসইউআইসহ বিভিন্ন ছাত্র সংগঠনের সদস্যরা অংশ নেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে যন্তর মন্তর ও আশপাশের এলাকায় ১২ ঘণ্টার জন্য ইন্টারনেট পরিষেবা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, সংশ্লিষ্ট সূত্রের বরাতে এয়ারটেল, রিলায়েন্স জিও ও ভোডাফোন আইডিয়াসহ টেলিকম কোম্পানিগুলোকে স্থানীয় সময় সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত যন্তর মন্তর এবং এর দেড় কিলোমিটার ব্যাসার্ধের এলাকায় ইন্টারনেট বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। তবে এ বিষয়ে দিল্লি বা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ভারতের বার্তা সংস্থা পিটিআই পুলিশের বরাতে জানিয়েছে, বিক্ষোভের জন্য আয়োজকদের কোনো অনুমতি ছিল না। প্রতিবেদন লেখা পর্যন্ত যন্তর মন্তর ও আশপাশের এলাকা থেকে ৭০০ জনের বেশি বিক্ষোভকারীকে আটক করা হয়েছে।

এর আগে গত জুলাইয়েও দিল্লির যন্তর মন্তর ও মধ্য দিল্লির কয়েকটি এলাকায় ইন্টারনেট পরিষেবা সাময়িকভাবে বন্ধ করা হয়েছিল। মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে তৎকালীন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলনের সময় ওই পদক্ষেপ নেওয়া হয়।

তিন মাসের ব্যবধানে দিল্লিতে আবারও বিক্ষোভের মধ্যে নির্দিষ্ট এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধের নির্দেশ দেওয়া হলো।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা