October 1, 2026, 4:09 pm

এআই ক্যামেরার ভুলে এবার বিপাকে পড়েছেন এক স্কুটারচালক। ছবি সংগৃহীত

গিটারকে যাত্রী ভেবে ৫০০ রুপির চালান, এআই ক্যামেরার কাণ্ডে চমক

স্মার্ট প্রযুক্তির যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত ট্রাফিক ক্যামেরার ভুল শনাক্তকরণ নিয়ে ভারতে নতুন করে প্রশ্ন উঠেছে। এবার এক বাইকচালকের পিঠে ঝোলানো গিটারকে ‘পেছনের যাত্রী’ ভেবে বসেছে ট্রাফিক ক্যামেরা। পরে হেলমেট না পরা যাত্রী বহনের অভিযোগে পাঠানো হয়েছে ৫০০ রুপির ই-চালান।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বেঙ্গালুরুর হেব্বাল এলাকার বাসিন্দা সৌভিক দত্ত গত ১৫ সেপ্টেম্বর পিঠে গিটার নিয়ে স্ত্রীর ই-স্কুটিতে করে যাচ্ছিলেন। পথে একটি এআই-চালিত ট্রাফিক ক্যামেরা গিটারটিকে দ্বিতীয় আরোহী হিসেবে শনাক্ত করে। এরপর হেলমেট না পরা অবস্থায় পেছনে যাত্রী বহনের অভিযোগে স্কুটির নামে চালান করা হয়।

পরদিন সৌভিকের স্ত্রীর মোবাইলে ৫০০ রুপির জরিমানার বার্তা আসে। চালানের বিষয়টি দেখে বিস্মিত হন সৌভিক।

পরে বেঙ্গালুরু ট্রাফিক পুলিশের কাছে অভিযোগ করেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সৌভিক জানান, তিনি একাই স্কুটিতে ছিলেন এবং পিঠে শুধু একটি গিটার ঝোলানো ছিল। কিন্তু এআই ক্যামেরা সেটিকে পেছনের যাত্রী হিসেবে শনাক্ত করেছে।

পোস্টের সঙ্গে ভুল চালানের ছবিও প্রকাশ করেন তিনি এবং চালানটি বাতিলের অনুরোধ জানান।

সৌভিকের পোস্টটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে এআই-নির্ভর স্বয়ংক্রিয় ট্রাফিক নজরদারি ব্যবস্থার নির্ভুলতা নিয়েও আলোচনা শুরু হয়।

বিষয়টি নজরে আসার পর বেঙ্গালুরু ট্রাফিক পুলিশ সৌভিকের সঙ্গে যোগাযোগ করে। একই সঙ্গে ঘটনাটি খতিয়ে দেখে ভুল চালান পর্যালোচনার নির্দেশ দেওয়া হয়েছে।

সূত্র: দ্য হিন্দু

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা