October 1, 2026, 9:11 pm

জাল পরিচয়পত্র ও পাসপোর্টসহ নিউ বঙ্গাইগাঁও রেলস্টেশন থেকে নয়জন বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার। ছবি: এনডিটিভি

আসামে ৯ বাংলাদেশি আটক, মিলেছে সন্দেহভাজন ভুয়া আধার কার্ড

ভারতের আসাম রাজ্যের বঙাইগাঁওয়ে যৌথ অভিযান চালিয়ে নয় বাংলাদেশি নাগরিককে আটক করেছে পুলিশ। বুধবার (৩০ সেপ্টেম্বর) নিউ বঙাইগাঁও রেলস্টেশন থেকে তাদের আটক করা হয়।

পুলিশের দাবি, আটক ব্যক্তিদের কাছ থেকে চারটি বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র, একটি বাংলাদেশি পাসপোর্ট, ছয়টি মোবাইল ফোন, পাঁচটি রেল টিকিট এবং তিনটি সন্দেহভাজন ভুয়া ভারতীয় আধার কার্ড উদ্ধার করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, আটক ব্যক্তিরা কাজের উদ্দেশ্যে ভারতের অন্য কোনো এলাকায় যাওয়ার পরিকল্পনা করছিলেন।

বঙাইগাঁওয়ের পুলিশ সুপার নুমাল মাহাত্তা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক নয়জনই বাংলাদেশের নাগরিক বলে জানা গেছে। তারা ভারতের অন্য একটি রাজ্য হয়ে আসামে প্রবেশ করেছিলেন। পরে নিউ বঙাইগাঁও রেলস্টেশন থেকে অন্যত্র যাওয়ার পরিকল্পনা ছিল তাদের।

পুলিশ জানায়, অভিযানে প্রথমে ছয়জনকে আটক করা হয়। পরে আরও তিনজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বঙাইগাঁও পুলিশ ও নিউ বঙাইগাঁওয়ের সরকারি রেলওয়ে পুলিশ (জিআরপি) যৌথভাবে অভিযানটি পরিচালনা করে।

এর আগে ১৬ সেপ্টেম্বর পৃথক অভিযানে আসামের গুয়াহাটি ও রাঙ্গিয়া থেকে নারী, পুরুষ ও অপ্রাপ্তবয়স্কসহ ২৭ বাংলাদেশি নাগরিককে আটক করেছিল আসাম পুলিশ।

পুলিশের এক কর্মকর্তা জানান, অবৈধভাবে বাংলাদেশি নাগরিকদের ভারতে প্রবেশের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা