October 2, 2026, 5:21 pm

অবহেলায়-অযত্নে পানিতে তলিয়ে গেল ‘বুড়িমারী-লালমনিরহাট-১’সহ দুটি রেসকিউ বোট

লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাট সদর উপজেলার ৭ নম্বর রাজপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের জগৎবেড় ৪ নম্বর স্পারে নোঙর করে রাখা বন্যাকবলিত মানুষের উদ্ধারে ব্যবহৃত দুটি মাল্টিপারপাস রেসকিউ বোট পানিতে তলিয়ে গেছে।

শুক্রবার (২ অক্টোবর) দুপুরে সরেজমিনে দেখা যায়, স্পার এলাকায় পানিতে ডুবে রয়েছে বোট দুটি। এর একটির গায়ে ‘বুড়িমারী-লালমনিরহাট-১’ লেখা রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, বন্যাকবলিত মানুষের উদ্ধার ও জরুরি সহায়তায় ব্যবহারের জন্য রাখা বোট দুটি দীর্ঘদিন ধরে অযত্ন ও অবহেলায় নোঙর করে রাখা হয়েছিল। যথাযথ সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণের অভাবে বোট দুটি পানিতে তলিয়ে গেছে বলে দাবি তাদের।

গুরুত্বপূর্ণ এই উদ্ধারযান দুটি পানিতে তলিয়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। দ্রুত বোট দুটি উদ্ধারের পাশাপাশি কীভাবে এগুলো পানিতে তলিয়ে গেল এবং সংরক্ষণে কোনো অবহেলা ছিল কি না, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন তারা।

বন্যার সময় দুর্গত মানুষের জীবন রক্ষায় ব্যবহৃত এসব উদ্ধার সরঞ্জাম দ্রুত উদ্ধারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা