October 1, 2026, 12:29 pm

শেখ হাসিনার জন্মদিনে ফেসবুকে পোস্ট, যুব মহিলা লীগের কর্মী গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি:

মানিকগঞ্জের সাটুরিয়ায় উসকানিমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পিংকি (২৬) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, তিনি নিষিদ্ধঘোষিত যুব মহিলা লীগের সক্রিয় কর্মী।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তার পিংকি উপজেলার দিঘলীয়া ইউনিয়নের আঙ্গুটিয়া গ্রামের লাল মিয়ার মেয়ে।

পুলিশ জানায়, বুধবার রাত সাড়ে ৮টার দিকে সাটুরিয়া বাজারের একটি ভাড়া বাসা থেকে পিংকিকে গ্রেপ্তার করা হয়। গত ২৮ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালনসংক্রান্ত পোস্ট দেওয়ার পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করতে পারে এমন বক্তব্য দেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।

পরে সন্ত্রাসবিরোধী আইনে পুলিশের করা একটি মামলায় তার সংশ্লিষ্টতা পাওয়ার পর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানায় পুলিশ।

ওসি মোশাররফ হোসেন বলেন, পিংকি দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে উসকানিমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। তাকে সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা