৪৯তম বিসিএসের বিশেষ শিক্ষা ক্যাডারে প্রজ্ঞাপন থেকে বাদ পড়া ৪৬ জনের গেজেট আগামী সোমবার প্রকাশ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নিজ দপ্তরে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশে ৬৬৫ জন উত্তীর্ণ হয়েছিলেন। এর মধ্যে আটজন মেডিকেল পরীক্ষায় উত্তীর্ণ না হওয়ায় ৬৫৭ জন থাকেন। প্রজ্ঞাপন কয়েক ধাপে জারি করা হয়েছে। এতে রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে কোনো বৈষম্য করা হয়নি।
তিনি বলেন, কারও বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তা তদন্ত করা হয়। একজন আত্মহত্যার হুমকি দিয়েছেন, তিনি নিষিদ্ধ ঘোষিত দলের সদস্য বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
বাদ পড়া ৪৬ জনের বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, পিএসসির সুপারিশের পরও যাদের গেজেট প্রকাশ করা হয়নি, সেই ৪৬ জনের গেজেট আগামী সোমবার প্রজ্ঞাপন আকারে জারি করা হবে।
সংরক্ষিত আসনের এমপি মিষ্টির বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে দলীয়ভাবেও ব্যবস্থা নেওয়া হবে।
হকার উচ্ছেদ প্রসঙ্গে তিনি বলেন, হকারদের শৃঙ্খলার মধ্যে আসতে হবে। নাগরিকদের সমস্যা বিবেচনায় নিয়ে অভিযান পরিচালনা করা হয়েছে। কাউকে বেকার করার উদ্দেশ্যে উচ্ছেদ অভিযান চালানো হয়নি। যেখানেই অপরাধ হবে, সেখানেই ব্যবস্থা নেওয়া হবে।