নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে ইয়াবা, হেরোইন ও গাঁজাসহ মোট ১৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
অভিযানে মোট ১৩০ পিস ইয়াবা ট্যাবলেট, ১০ পুরিয়া হেরোইন এবং ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর ) রাতভর নারায়ণগঞ্জের জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের নির্দেশে স্ব স্ব থানার পুলিশ সদস্যরা বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
পুলিশ সূত্র জানায়, সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএম-এর নেতৃত্বে পরিচালিত অভিযানে ৩০ পিস ইয়াবা ও ১০ পুরিয়া হেরোইনসহ ৯ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে মাদক কারবারি কাঁচপুর মধ্যপাড়ার মোঃ শাহ আলম (৫০) ও করিম মিয়া (৪২), সবুজ হোসেন (২২), মাদকসেবী জৈনপুর এলাকার শান্ত শিকদার রুশাদ (২৮), ছোট সাদিপুর এলাকার মোঃ ইমান হোসেন (৪০), গজারিয়ার এলাকার মোঃ মোয়াজ্জেম (৩২)। এছাড়াও ওয়ারেন্টভুক্ত আসামি পাকুন্দার এলাকার মোঃ জুয়েল মোল্লা (২৭), মারুফদীর মোঃ মোজাম্মেল হক এবং পুরাতন মামলার আসামি দমদমা এলাকার সোনিয়া আক্তার (৩৮)।
অন্যদিকে, সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে সুমিলপাড়া বিহারী ক্যাম্পসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ও ১৫০ গ্রাম গাঁজাসহ ৫ জনকে গ্রেফতার করা হয়।
মাদক মামলায় গ্রেফতারকৃতরা হলেন, বাগমারা এলাকার নূর সালাম (৭০) ও গোদনাইল এলাকার মোঃ মোস্তফা (৫৩)।
এছাড়া চুরির মামলায় সুমিলপাড়ার মোঃ ইব্রাহিম ওরফে লিয়ন (২৬) এবং সামারি ট্রায়ালের আসামি সানারপাড়ের অনিক (৩৫) ও কদমতলীর রিয়াজকে (২৫) গ্রেফতার করা হয়।
সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক ও মোহাম্মদ এমদাদুল হক জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।