নিজস্ব প্রতিনিধি:
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বাঁশকান্দা মানব কল্যাণ ট্রাস্টের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। ‘সবুজায়ন হোক আমাদের অঙ্গীকার, গাছ লাগাই, সুন্দর পৃথিবী গড়ি’ এই স্লোগানকে সামনে রেখে সোমবার (২৮ সেপ্টেম্বর) উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে বকুল গাছ রোপণ করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন ট্রাস্টের সাধারণ সম্পাদক সোহেল রানা, সমাজকল্যাণ সম্পাদক ইমরুল হাসান শুভ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক জান্নাতুল ইসলাম আকাশ। এ ছাড়া সদস্য শেখ জুমান, জাহিদুল ইসলাম জাহিদ, আলতাফ, মুরাদ, সেলিম ও নীরবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এ প্রসঙ্গে সাধারণ সম্পাদক সোহেল রানা বলেন, ‘সমাজের জন্য কিছু করাই আমাদের মূল উদ্দেশ্য।’ তিনি জানান, ইউনিয়নের দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো, বৃক্ষরোপণ, সোলার লাইটিং স্থাপন এবং অতিদরিদ্র মানুষের সহায়তায় বাঁশকান্দা মানবিক কল্যাণ কাজ করছে।
উল্লেখ্য, প্রতিষ্ঠার পর থেকেই বাঁশকান্দা মানব কল্যাণ ট্রাস্ট নিলক্ষিয়া ইউনিয়নে নানা সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এসব কার্যক্রম স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।