নিজস্ব প্রতিনিধি;
কক্সবাজার শহরের বাস টার্মিনাল এলাকার একটি আবাসিক হোটেল থেকে কুলছুমা নামে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় হোটেল কক্ষে তার প্রায় দুই বছর বয়সী শিশুসন্তানও ছিল। ঘটনার পর ওই নারীর সঙ্গে থাকা এক যুবক পালিয়ে গেছেন বলে জানিয়েছে হোটেল কর্তৃপক্ষ।
বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে বাস টার্মিনাল এলাকার ‘স্ট্যান্ড পার্ক রিসোর্টে’ এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মোহাম্মদ আলী।
হোটেলের নিবন্ধন খাতায় নিহত নারীর নাম কুলছুমা, বাবার নাম আলম এবং ঠিকানা ঈদগাঁওয়ের চাঁদেরঘোনা উল্লেখ করা হয়েছে। পুলিশ জানায়, তার স্বামীর নাম হারুন। তবে ঘটনার সময় কুলছুমার সঙ্গে থাকা যুবক তার স্বামী নন।
পুলিশের প্রাথমিক তথ্যমতে, স্বামীর সঙ্গে কুলছুমার একটি মামলা চলমান রয়েছে। ওই মামলায় হাজিরা দিতে বুধবার তিনি কক্সবাজারে আসেন। পরে বাস টার্মিনাল এলাকার ওই হোটেলে ওঠেন।
পুলিশের ধারণা, হোটেল কক্ষে থাকা অবস্থায় ধারালো অস্ত্র দিয়ে কুলছুমাকে গলা কেটে হত্যা করা হয়। হত্যার পর সঙ্গে থাকা যুবকটি দ্রুত হোটেল থেকে পালিয়ে যান। এ সময় কক্ষে থাকা শিশুটিও সেখানে ছিল।
ওসি শেখ মোহাম্মদ আলী জানান, নিহত নারীর সঙ্গে থাকা যুবককে তার পরিবারের সদস্যরা চেনেন না বলে প্রাথমিকভাবে জানা গেছে। হত্যাকাণ্ডের কারণ ও ওই যুবকের পরিচয় নিশ্চিত করতে তদন্ত চলছে। তাকে শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।
মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।