October 2, 2026, 12:45 pm

কথা বলছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা। ফাইল ছবি।

‘জামায়াত-আওয়ামী লীগের মধ্যে কোনো পার্থক্য নেই’: উমামা ফাতেমা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা বলেছেন, জামায়াত ও আওয়ামী লীগের মধ্যে কোনো পার্থক্য নেই। তাঁর দাবি, নিজেদের বিরুদ্ধে থাকা ‘গণহত্যার কালিমা’ ঢাকতে জামায়াত দেশকে যেকোনো পর্যায়ে নিয়ে যেতে প্রস্তুত।

বৃহস্পতিবার (১ অক্টোবর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে এসব মন্তব্য করেন তিনি।

স্ট্যাটাসে জুলাই আন্দোলনের নেতৃত্ব ও পরবর্তী সময়ে বিভিন্ন ব্যক্তির রাজনৈতিক উত্থান নিয়ে ক্ষোভ প্রকাশ করেন উমামা। তাঁর অভিযোগ, ১৭ বছরের আন্দোলন-সংগ্রামের সঙ্গে ন্যূনতম সম্পর্ক না থাকা অনেকেই জুলাই আন্দোলনের মাধ্যমে নেতা হয়েছেন। তিনি সালাউদ্দীন আম্মারকে এর অন্যতম উদাহরণ হিসেবে উল্লেখ করেন।

জুলাই আন্দোলনের সময় বিভিন্ন ছাত্র সংগঠনকে বাদ দিয়ে শিবির ও ছাত্রশক্তির সঙ্গে সংশ্লিষ্টদের সমন্বয়ক কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছিল বলেও দাবি করেন তিনি। এর ফলে ৫ আগস্টের পর অনেকে আন্দোলনের নেতৃত্বে প্রভাবশালী হয়ে ওঠেন বলে মন্তব্য করেন উমামা।

রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি আরও বলেন, দেশকে ঘিরে আন্দোলনের পর যারা ‘ছেলেখেলা’ করছে, তারা সবকিছু দখলে নিতে চেয়েছিল। সামাজিক যোগাযোগমাধ্যমের ভূমিকা নিয়েও উদ্বেগ প্রকাশ করে তাঁর দাবি, ফেসবুকের মাধ্যমে জনমত প্রভাবিত করে বাংলাদেশকে অস্থিতিশীল করার সুযোগ রয়েছে।

উমামা বলেন, পর্দার আড়ালের বিভিন্ন স্বার্থগোষ্ঠী সময় সময় সামাজিক যোগাযোগমাধ্যমে জুলাইয়ের নামে ‘ম্যানুফ্যাকচারড কনসেন্ট’ তৈরি করছে। তরুণদের মধ্যেও এমন অনেক ‘ম্যানুফ্যাকচারড ফিগার’ তৈরি করা হয়েছে, যারা তরুণদের রাজনৈতিক সম্ভাবনাকে নির্দিষ্ট গোষ্ঠীর হাতে বন্দি করতে কাজ করছে বলে মন্তব্য করেন তিনি।

এ প্রসঙ্গে মিয়ানমার ও রোহিঙ্গা সংকটের উদাহরণ টেনে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব নিয়ে আশঙ্কা প্রকাশ করেন।

দেশের রাজনৈতিক ইতিহাস নিয়েও মন্তব্য করেন উমামা ফাতেমা। তিনি বলেন, এতদিন বাংলাদেশের যাত্রাকে ৫০ বছরের ইতিহাস হিসেবে দেখা হলেও জামায়াতের কারণে এখন ইতিহাস ব্রিটিশ আমল থেকে শুরু করতে হচ্ছে।

স্ট্যাটাসের শেষ দিকে তিনি বলেন, ‘জামায়াত আর আওয়ামী লীগে কোনো পার্থক্য নেই।’ জামায়াতের বিরুদ্ধে অভিযোগ তুলে তিনি বলেন, নিজেদের ‘গণহত্যার কালিমা’ ঢাকতে দলটি দেশকে যেকোনো পর্যায়ে নিয়ে যেতে রাজি আছে।

প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, তাঁর ওই ফেসবুক পোস্টে এ প্রতিবেদন লেখা পর্যন্ত সাড়ে পাঁচ হাজারের বেশি রিয়্যাকশন পড়েছিল।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা