October 2, 2026, 1:53 pm

বরিশালে ভাড়া বাসা থেকে অবসরপ্রাপ্ত শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি:

বরিশাল নগরীর একটি ভাড়া বাসা থেকে আমেনা খানম (৬৫) নামে অবসরপ্রাপ্ত এক স্কুল শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১ অক্টোবর) ভোরে নগরীর ভাটিখানা রোকেয়া আজিম সড়কের খালপাড় এলাকার একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আমেনা খানম বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার বাসিন্দা। তিনি একটি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষিকা ছিলেন। প্রায় এক বছর ধরে তিনি ওই এলাকার দুবাইপ্রবাসী শাহেদ উদ্দিনের বাসার দ্বিতীয় তলায় ভাড়া থাকতেন। সেখানে তিনি একাই বসবাস করতেন।

বাড়ির মালিকের স্ত্রী রিনা বেগম জানান, দুই দিন আগেও আমেনার সঙ্গে তার দেখা হয়েছিল। বুধবার তার বোনের ছেলে খোঁজ নিতে এসে ঘরটি বাইরে থেকে তালাবদ্ধ দেখতে পান। পরে রাতে ওই বাসা থেকে দুর্গন্ধ বের হলে আমেনার ছেলে রিফাতকে বিষয়টি জানানো হয়। রিফাত ঢাকার একটি বেসরকারি ব্যাংকে কর্মরত।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরটি বাইরে থেকে তালাবদ্ধ দেখতে পায়। পরে তালা খুলে ভেতরে প্রবেশ করে খাটের ওপর কাপড় দিয়ে হাত-পা বাঁধা অবস্থায় আমেনা খানমের মরদেহ দেখতে পায়।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার সুশান্ত সরকার জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা