October 2, 2026, 8:35 am

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

প্রবীণদের স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা ব্যবস্থা পুনর্বিবেচনার আহ্বান রাষ্ট্রপতির

ঢাকা, ১ অক্টোবর: চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি ও জীবনযাত্রার মানোন্নয়নের ফলে মানুষের গড় আয়ু বাড়ছে। এর সঙ্গে বাড়ছে প্রবীণ জনগোষ্ঠীর সংখ্যাও। তাই প্রবীণদের স্বাস্থ্যসেবা, সামাজিক নিরাপত্তা, আবাসন ও কর্মসংস্থান ব্যবস্থা নতুন করে সাজানোর আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (১ অক্টোবর) ‘আন্তর্জাতিক প্রবীণ দিবস’ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ আহ্বান জানান। এবারের দিবসের প্রতিপাদ্য—‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’ (The Age of Longevity: Rethinking Systems for Longer Lives)।

রাষ্ট্রপতি বলেন, চিকিৎসাবিজ্ঞানের অভাবনীয় অগ্রগতি ও জীবনমানের উন্নয়নের কারণে বিশ্বজুড়ে মানুষের গড় আয়ু বৃদ্ধি পেয়েছে। ফলে প্রবীণ জনগোষ্ঠীর সংখ্যাও ক্রমাগত বাড়ছে। দীর্ঘায়ুর এই বাস্তবতায় প্রবীণদের কল্যাণ ও সামাজিক নিরাপত্তা ব্যবস্থাপনাকে নতুনভাবে ঢেলে সাজানোর সুযোগ তৈরি হয়েছে।

তিনি বলেন, বার্ধক্য মানুষের স্বাভাবিক জীবনচক্রের অনিবার্য অংশ। তাই প্রত্যেক নাগরিকের বার্ধক্য যেন নিরাপদ, সুরক্ষিত ও মর্যাদাপূর্ণ হয়, তা নিশ্চিত করা জরুরি।

সংবিধানের ১৫(ঘ) অনুচ্ছেদের আলোকে প্রবীণদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব উল্লেখ করে রাষ্ট্রপতি জানান, ২০২৬-২৭ অর্থবছরে বয়স্ক ভাতা খাতে ৫ হাজার ২৩৯ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। পাশাপাশি ভাতার পরিমাণ ও সুবিধাভোগীর সংখ্যাও বাড়ানো হয়েছে।

প্রবীণদের অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, তারা শুধু অতীতের গল্প নন, বরং বর্তমানের শিকড় ও ভবিষ্যতের পথপ্রদর্শক। তাদের শ্রম, মেধা, ত্যাগ ও অভিজ্ঞতার ওপর ভিত্তি করেই আজকের বাংলাদেশ গড়ে উঠেছে।

তবে অনেক প্রবীণ স্বাস্থ্যহানি, আর্থিক অনিশ্চয়তা ও নিঃসঙ্গতার মধ্যে দিন কাটাচ্ছেন উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, ন্যায়ভিত্তিক ও মানবিক রাষ্ট্র গঠনে প্রবীণদের প্রতি সহমর্মী ও যত্নশীল দৃষ্টিভঙ্গি জরুরি।

প্রবীণদের সুরক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক ও দাতব্য সংগঠন, বিত্তবান ব্যক্তি এবং পরিবারগুলোকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। নিরাপদ ও মর্যাদাপূর্ণ বার্ধক্য নিশ্চিত করা সবার সামাজিক অঙ্গীকার হওয়া উচিত বলেও উল্লেখ করেন রাষ্ট্রপতি।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা