October 1, 2026, 3:40 pm

নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। ছবি: সংগৃহীত

সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজন অনুযায়ী যে কোনো পদক্ষেপ নেবে কমিশন: ইসি সচিব

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আগামী জানুয়ারি থেকে জুনের মধ্যে সম্পন্ন করার বিষয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে নির্বাচনী প্রস্তুতি ও পরিকল্পনা পর্যালোচনা করছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, এসএসসি পরীক্ষা, রমজান, বিভিন্ন ধর্মীয় ও জাতীয় দিবসসহ স্থানীয় সামাজিক বাস্তবতা বিবেচনায় নিয়ে ইউপি নির্বাচন আয়োজনের বিষয়ে একটি সুসংহত ও বাস্তবসম্মত সিদ্ধান্তে পৌঁছাবে কমিশন।

এদিকে ইউএনডিপির ‘ব্যালট’ প্রকল্পের আওতায় নির্বাচন কমিশন সচিবালয়, মাঠপর্যায়ের কর্মকর্তা, পুলিশ ও গণমাধ্যমকর্মীদের প্রশিক্ষণের প্রস্তাব নিয়েও বৈঠকে প্রাথমিক আলোচনা হয়েছে। অপতথ্য, ভুল তথ্য ও বিদ্বেষমূলক বক্তব্য প্রতিরোধে সংশ্লিষ্টদের সক্ষমতা বাড়ানোই এ প্রশিক্ষণের মূল লক্ষ্য।

আখতার আহমেদ জানান, প্রশিক্ষণটি কোনো নির্দিষ্ট নির্বাচনের সঙ্গে সরাসরি সম্পৃক্ত নয়। এটি ধারাবাহিক সক্ষমতা উন্নয়ন কর্মসূচির অংশ। প্রস্তাবটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। পরবর্তী আলোচনার মাধ্যমে প্রশিক্ষণের বিষয়বস্তু ও অংশগ্রহণকারীদের তালিকা চূড়ান্ত করা হবে।

অবাধ ও নিরপেক্ষ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, গত ১৭ সেপ্টেম্বরের আন্তঃমন্ত্রণালয় বৈঠকে নির্বাচনের সময়সূচিসহ বিভিন্ন প্রস্তাব উঠে এসেছে। আইনশৃঙ্খলা রক্ষায় আইন প্রয়োগকারী সংস্থা কিংবা প্রয়োজনে সেনাবাহিনী মোতায়েনের বিষয়ে কমিশন এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি।

তিনি আরও বলেন, গত ১২ ফেব্রুয়ারির সুষ্ঠু ও সফল নির্বাচনের মাধ্যমে জনগণের প্রত্যাশার যে মানদণ্ড তৈরি হয়েছে, কমিশন তা ধরে রাখতে এবং আরও উন্নত করতে কাজ করছে। ভোটার তালিকা, ভোটকেন্দ্র ও প্রয়োজনীয় সরঞ্জাম প্রস্তুতের পাশাপাশি স্থানীয় পরিবেশের সার্বিক পরিস্থিতি মূল্যায়ন করেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা