সরকারি ভবনের অব্যবহৃত ছাদ কাজে লাগিয়ে নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে ফেনীর ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলায় স্থাপিত দেশের প্রথম রুফটপ সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে ফুলগাজী জেলা পরিষদ ডাকবাংলো থেকে রুফটপ সোলার বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির তথ্য অনুযায়ী, তিন উপজেলায় স্থাপিত সৌরবিদ্যুৎ প্রকল্পগুলোর মোট উৎপাদন সক্ষমতা ৯৬২ দশমিক ৫ কিলোওয়াট। উৎপাদিত বিদ্যুৎ প্রথমে সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানের নিজস্ব চাহিদা পূরণে ব্যবহার করা হবে। অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে।
প্রকল্পের আওতায় ফুলগাজী উপজেলায় উপজেলা পরিষদ ভবন, জেলা পরিষদ ডাকবাংলো ও ছয়টি ইউনিয়ন পরিষদ ভবনসহ মোট আটটি সরকারি স্থাপনায় সৌর প্যানেল বসানো হয়েছে। এসব স্থাপনায় বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ২৪৯ কিলোওয়াট।
ছাগলনাইয়া উপজেলায় উপজেলা পরিষদ ভবন, পৌরসভা ভবন, ডাকবাংলো ও ইউনিয়ন পরিষদ ভবনসহ মোট ১২টি স্থাপনায় সৌর প্যানেল স্থাপন করা হয়েছে। এসব স্থাপনায় উৎপাদন সক্ষমতা ৪১৫ কিলোওয়াট।
অন্যদিকে, পরশুরাম উপজেলা পরিষদ ভবন, অডিটোরিয়াম ভবনসহ ছয়টি সরকারি স্থাপনায় সৌর প্যানেল বসানো হয়েছে। এসব স্থাপনায় উৎপাদন সক্ষমতা ২৯৮ দশমিক ৫ কিলোওয়াট।
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডকে (আরইবি) প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছে। তবে প্রকল্পের মোট ব্যয়ের সুনির্দিষ্ট হিসাব পাওয়া যায়নি। ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো. নুরুল হোসাইন জানিয়েছেন, তিন উপজেলায় প্রকল্প বাস্তবায়নে আনুমানিক ৫ থেকে সাড়ে ৫ কোটি টাকা ব্যয় হতে পারে।