October 2, 2026, 4:51 pm

এমপি গাজী নজরুলের ব্যক্তিগত গাড়িচালক ও মরিয়মের মামা ওবায়দুর। ছবি সংগৃহীত

মরিয়ম আত্মহত্যা মামলা: এমপি গাজী নজরুলের গাড়িচালকের ৪ দিনের রিমান্ড

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার তার ব্যক্তিগত গাড়িচালক ও মরিয়মের মামা ওবায়দুর রহমানের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (১ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন শুনানি শেষে এ আদেশ দেন।

শেরেবাংলা নগর থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ২৮ সেপ্টেম্বর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে ওবায়দুর রহমানকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। পরে তার উপস্থিতিতে রিমান্ড শুনানির জন্য ১ অক্টোবর দিন ধার্য করেন আদালত।

গত ২৩ সেপ্টেম্বর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিদ্দিক আজাদ।

মামলার সূত্রে জানা যায়, গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের পাশের ন্যাম ভবনে এমপি গাজী নজরুল ইসলামের ফ্ল্যাট থেকে তার দ্বিতীয় স্ত্রী মরিয়মের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। ওই ঘটনায় এমপি নজরুল ও তার স্ত্রী মাকসুদাকে হেফাজতে নেয় পুলিশ।

পরদিন ২১ সেপ্টেম্বর আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুল ইসলাম, তার স্ত্রী মাকসুদা ইসলাম ও গাড়িচালক ওবায়দুর রহমানের বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় মামলা করেন মরিয়মের বাবা এসএম মাসুম বিল্লাহ। মামলায় দণ্ডবিধির ৩০৬ ধারায় অভিযোগ আনা হয়েছে।

এজাহারে বলা হয়, গত জুনে ওবায়দুর রহমানের ‘প্রত্যক্ষ প্ররোচনায়’ গাজী নজরুল ইসলামের সঙ্গে মরিয়মের বিয়ে হয়। বিয়ের পর মরিয়ম ন্যাম ভবনের ওই বাসায় নজরুল ও মাকসুদার সঙ্গে থাকতেন।

মরিয়ম তার পরিবারের কাছে নজরুল ও মাকসুদার বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ করেছিলেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। ২০ সেপ্টেম্বর বিকেলে নজরুল মোবাইল ফোনে মরিয়মের বাবা মাসুম বিল্লাহকে দ্রুত বাসায় যেতে বলেন। সেখানে গিয়ে তিনি মেয়েকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান।

মরদেহ উদ্ধারের সময় মরিয়মের বিছানায় তার লেখা একটি ‘সুইসাইড নোট’ পাওয়া যায় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা