নিজস্ব প্রতিনিধি:
কারাবন্দি হওয়ার প্রায় ১৬ মাস পর প্যারোলে মুক্তি পেয়ে সদ্যপ্রয়াত মায়ের জানাজায় অংশ নিয়েছেন আওয়ামী লীগের নিষিদ্ধ কার্যক্রমের বগুড়া জেলা কমিটির যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক মাশরাফি হিরো।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে বগুড়া সদর উপজেলার লাহিড়িপাড়া ইউনিয়নের ভবানীগঞ্জ জাহানাবাদ গ্রামে তার মায়ের জানাজা অনুষ্ঠিত হয়। প্যারোলে মুক্তি পেলেও হাতকড়া পরা অবস্থায় পুলিশি পাহারায় জানাজায় অংশ নেন তিনি।
জানাজার আগে মাশরাফি হিরো বলেন, ‘আমি জানি না আমার মা কখন মারা গেছেন। আমি হয়তো তাকে দেখতে পারলাম, কিন্তু তিনি তো আমাকে দেখতে পারলেন না। সন্তান মাকে না ভালোবাসলেও মা কিন্তু সন্তানকে ঠিকই ভালোবাসে।’
তিনি আরও বলেন, ‘আমি আমার দায়িত্ব হয়তো সঠিকভাবে পালন করতে পারিনি। এজন্য আমি আমার মায়ের কাছে ক্ষমাও চাইতে পারলাম না। আমার মা অনেক দিন আগে থেকেই বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। ওষুধ আর হাসপাতালে করতে করতে তার জীবনটা শেষ হয়ে গেছে। খুব কষ্টের জীবন তিনি পার করেছেন।’
মায়ের আত্মার মাগফিরাত কামনা করে জানাজায় উপস্থিত সবার কাছে তার জন্য দোয়া ও ক্ষমা প্রার্থনা করেন মাশরাফি হিরো।
জানাজা শেষে তাকে আবারও কারাগারে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বগুড়া জেলা কারাগারের সুপার আসাদুর রহমান।