October 1, 2026, 9:15 pm

মানুষের মতোই তালে তালে রোবটের সমন্বিত নড়াচড়া নজর কেড়েছে অতিথিদের। ছবি: সংগৃহীত

সৌদি পোশাকে তরবারি হাতে নাচল চীনা হিউম্যানয়েড রোবট

সৌদি আরবের ঐতিহ্যবাহী পোশাক থোব ও ঘুতরা পরে হাতে আনুষ্ঠানিক তরবারি নিয়ে নাচল হিউম্যানয়েড রোবট। মানুষের মতোই ছন্দ মিলিয়ে তাদের সমন্বিত নড়াচড়া নজর কেড়েছে অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের।

চীনের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রিয়াদে চীনা দূতাবাস আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে এ দৃশ্য দেখা যায়। চীনে তৈরি কয়েকটি হিউম্যানয়েড রোবট সেখানে সৌদি আরবের ঐতিহ্যবাহী ‘আরদাহ’ নৃত্য পরিবেশন করে।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ঐতিহ্যবাহী ঢোলের তালে রোবটগুলো সারিবদ্ধভাবে একসঙ্গে নড়াচড়া করছে, ঘুরছে এবং মাথা নত করছে। তাদের ভারসাম্য ও সমন্বিত গতিবিধি উপস্থিত অতিথিদের দৃষ্টি আকর্ষণ করে।

অনুষ্ঠানে রিয়াদ অঞ্চলের মেয়র প্রিন্স ফয়সল বিন আবদুলআজিজ বিন আইয়াফ আল-মুকরিন এবং সৌদি আরবে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত চ্যাং হুয়াসহ বিভিন্ন অতিথি উপস্থিত ছিলেন।

রাষ্ট্রদূত চ্যাং হুয়া সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে রোবটগুলোর পরিবেশনার ভিডিও শেয়ার করেন। তিনি জানান, দূতাবাসের আয়োজিত সংবর্ধনায় চীনে তৈরি এসব রোবট ‘আরদাহ’ পরিবেশন করেছে।

সৌদি আরবের সাংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ ‘আরদাহ’। সাধারণত পুরুষদের একটি দল তরবারি হাতে বাদ্যযন্ত্র ও কবিতার ছন্দের সঙ্গে সমন্বয় করে এ নৃত্য পরিবেশন করে থাকে।

রোবটগুলোর এই পরিবেশনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ তাদের সমন্বিত ও মসৃণ নড়াচড়ার প্রশংসা করেছেন। আবার কেউ প্রশ্ন তুলেছেন, প্রযুক্তিনির্ভর এই পরিবেশনা ‘আরদাহ’র সাংস্কৃতিক অর্থ ও ঐতিহ্যকে কতটা ধারণ করতে পারে।

হিউম্যানয়েড রোবোটিক্সে অগ্রগতি দেখাতে সাম্প্রতিক সময়ে চীন বিভিন্ন আন্তর্জাতিক আয়োজনে তাদের তৈরি রোবট প্রদর্শন করছে। নাচ, খেলাধুলাসহ নানা ধরনের কাজেও এসব রোবটের সক্ষমতা তুলে ধরা হচ্ছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা