October 1, 2026, 9:11 pm

ইসরাইলি যাত্রী নিতে সৌদি আরবে সামরিক বিমান অবতরণের অনুমতি দেয়নি রিয়াদ

ফ্লাইদুবাইয়ের জরুরি অবতরণ করা উড়োজাহাজের ইসরাইলি যাত্রীদের দেশে ফিরিয়ে নিতে সৌদি আরবে সামরিক বিমান পাঠানোর ইসরাইলি অনুরোধ প্রত্যাখ্যান করেছে রিয়াদ। বুধবার নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

দুবাই থেকে তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি উড়োজাহাজে মাঝআকাশে এক পাইলট অন্য পাইলটকে ছুরিকাঘাত করার পর বিমানটি জরুরি অবতরণ করে সৌদি আরবের তাবুক বিমানবন্দরে। পরে যাত্রী ও ক্রুদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং উড়োজাহাজটি নিরাপদে অবতরণ করে।

নিরাপত্তা সূত্র জানায়, সৌদি আরবে আটকে পড়া ইসরাইলি যাত্রীদের ফিরিয়ে নিতে ইসরাইলের বিমানবাহিনী ‘সুপার হারকিউলিস’ সামরিক উড়োজাহাজ পাঠানোর প্রস্তুতি নিয়েছিল। তবে সৌদি সরকারের অনুমতি না পাওয়ায় সেই উদ্যোগ বাস্তবায়িত হয়নি। সৌদি আরবের সঙ্গে ইসরাইলের কোনো আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নেই।

পরে ফ্লাইদুবাই কর্তৃপক্ষ জানায়, বিকল্প বেসামরিক উড়োজাহাজে যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

ঘটনার পর ইসরাইলের পক্ষ থেকে বলা হয়, উড়োজাহাজটির কো-পাইলট ক্যাপ্টেনকে ছুরিকাঘাত করে বিমানটি বিধ্বস্ত করার চেষ্টা করেছিলেন। যাত্রী ও অন্য পাইলটদের হস্তক্ষেপে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।

এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প দীর্ঘদিন ধরে আব্রাহাম চুক্তির আওতায় সৌদি আরবকে ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার আহ্বান জানিয়ে আসছেন। তবে সৌদি আরব ফিলিস্তিনের রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়ে অগ্রগতি ছাড়া এ ধরনের চুক্তিতে যোগ না দেওয়ার অবস্থানে রয়েছে বলে রয়টার্স জানিয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা