October 1, 2026, 7:45 am

বাংলাদেশের সীমান্তের পাশে রাখাইনে জান্তার বিমান হামলায় ৫০ জন নিহত, জাতিসংঘের উদ্বেগ। ছবি: সংগৃহীত

বাংলাদেশ সীমান্তঘেঁষা রাখাইনে জান্তার বিমান হামলা, নিহত ৫০ , জাতিসংঘের উদ্বেগ

মিয়ানমারের রাখাইন রাজ্যের কায়ুকতাও এলাকায় সামরিক বাহিনীর বিমান হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫৮ জন। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে বলে স্থানীয় সূত্রের বরাতে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরের দিকে কায়ুকতাওয়ের একটি ব্যস্ত বাজার এলাকায় এ হামলা চালানো হয়। স্থানীয় সূত্র জানিয়েছে, হামলার সময় বাজারটিতে বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। হামলার পর ধ্বংসস্তূপ থেকে মরদেহ উদ্ধারের পাশাপাশি আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।

রাখাইনভিত্তিক সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি এবং স্থানীয় দাতব্যকর্মী ওয়েই হান ওং নিহতের সংখ্যা ৫০ এবং আহতের সংখ্যা ৫৮ বলে জানিয়েছেন। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক হামলার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছেন। জাতিসংঘের তথ্য অনুযায়ী, হামলার লক্ষ্য ছিল ২০০টির বেশি দোকান থাকা একটি বাজার, যেখানে রাখাইন, রোহিঙ্গা, হিন্দু, দাইনেটসহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষ যাতায়াত করতেন।

আরাকান আর্মির মুখপাত্র খাইং থুকা অভিযোগ করেছেন, মিয়ানমারের সামরিক বাহিনী ইচ্ছাকৃতভাবে বেসামরিক মানুষের ওপর হামলা চালিয়েছে। তবে এ অভিযোগের বিষয়ে মিয়ানমারের সামরিক বাহিনীর তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে জাতিসংঘ বলেছে, রাখাইনের চলমান সংঘাত ও সহিংসতার কারণে সেখানে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও টেকসই প্রত্যাবাসনের মতো পরিস্থিতি এখনো তৈরি হয়নি। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বেসামরিক মানুষের সুরক্ষা নিশ্চিত, আন্তর্জাতিক আইন মেনে চলা এবং সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছেন।

২০২১ সালে সামরিক অভ্যুত্থানের পর মিয়ানমারে ব্যাপক সংঘাত শুরু হয়। এরপর থেকে দেশটির বিভিন্ন অঞ্চলে সামরিক অভিযান, বিমান হামলা ও সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে লড়াইয়ে বেসামরিক মানুষের হতাহতের ঘটনা অব্যাহত রয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা