সিরিয়ার হোমস প্রদেশে একটি যাত্রীবাহী বাসে বন্দুকধারীদের হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সানা।
বুধবার (৩০ সেপ্টেম্বর) মাসিয়াফ সেতু পার হওয়ার সময় অজ্ঞাত বন্দুকধারীরা বেসামরিক ওই বাসে গুলি চালায়। বাসটিতে একটি প্রতিষ্ঠানের কর্মীরা কাজ শেষে বাড়ি ফিরছিলেন।
হামলার খবর পেয়ে নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। হোমসের অভ্যন্তরীণ নিরাপত্তা প্রধান ব্রিগেডিয়ার জেনারেল বাসেম মুহাম্মদ শাবান হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার কথা জানিয়েছেন।
তিনি বলেন, হোমস প্রদেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা নষ্ট করতেই এই হামলা চালানো হয়েছে বলে তারা মনে করছেন। অপরাধীদের গ্রেপ্তার না করা পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এদিকে, বাসে হামলার কয়েক ঘণ্টা আগে রাজধানী দামেস্কের কাছে পূর্ব ঘৌতায় একটি গ্যাস পাইপলাইনে বিস্ফোরণ ঘটে। এতে আগুন ছড়িয়ে পড়ে এবং গ্যাস সরবরাহে বিঘ্ন সৃষ্টি হয়। ফলে দেইর আলি, আল-নাসিরিয়াহ ও তিশরিন নামে তিনটি বড় বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে যায়। সিরিয়ার বিদ্যুৎ কোম্পানি জানিয়েছে, তিশরিন বিদ্যুৎকেন্দ্রেও আগুন লাগে।
রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, এর দুই দিন আগেও পূর্ব সিরিয়ার আরেকটি গ্যাস পাইপলাইনে নাশকতার ঘটনা ঘটেছিল।