October 1, 2026, 7:14 am

মাঝআকাশে দুই পাইলটের মারামারি, ইসরায়েলগামী সব ফ্লাইট স্থগিত ফ্লাইদুবাইয়ের

মাঝআকাশে ককপিটের ভেতরে দুই পাইলটের হাতাহাতির ঘটনার পর ইসরায়েলের সঙ্গে সব ধরনের ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত করেছে দুবাইভিত্তিক বিমান সংস্থা ফ্লাইদুবাই।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুবাই থেকে তেল আবিবগামী ‘এফজেড১০৭৩’ ফ্লাইটে এ ঘটনা ঘটে। ১৭৪ যাত্রী নিয়ে উড্ডয়নের পর ককপিটে ক্যাপ্টেন ও ফার্স্ট অফিসারের মধ্যে মারামারি শুরু হলে উড়োজাহাজটির গতিপথ পরিবর্তন করে সৌদি আরবের তাবুকের প্রিন্স সুলতান বিন আবদুলআজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করা হয়।

তুর্কি বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, সংঘর্ষে দুই পাইলটই আহত হন। অবতরণের পর তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। তবে উড়োজাহাজে থাকা যাত্রী ও অন্যান্য ক্রুরা নিরাপদ ছিলেন।

ফ্লাইদুবাইয়ের এক মুখপাত্র জানান, ঘটনার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে তদন্ত চলাকালে ইসরায়েলগামী এবং ইসরায়েল থেকে পরিচালিত সব ফ্লাইট সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঘটনার কারণ ও সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে।

এ ঘটনায় সৌদি আরবের ন্যাশনাল ট্রান্সপোর্ট সেফটি সেন্টার তদন্ত শুরু করেছে। মাঝআকাশে পাইলটদের সংঘর্ষের কারণ এবং উড়োজাহাজের নিরাপত্তাবিধি লঙ্ঘিত হয়েছে কি না, তা তদন্তে দেখা হচ্ছে।

ফ্লাইদুবাই জানিয়েছে, তারা নিয়ন্ত্রক সংস্থা ও সংশ্লিষ্ট বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে কাজ করছে। তদন্তে নতুন তথ্য পাওয়া গেলে ফ্লাইট স্থগিতের সিদ্ধান্ত পর্যালোচনা করা হবে।

এদিকে জরুরি অবতরণের পর যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিতে ফ্লাইদুবাই একটি বিকল্প উড়োজাহাজ পাঠায়। পরে যাত্রীরা তেল আবিবের উদ্দেশে রওনা হন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা