সংসদের সরকারি দলের প্রধান হুইপ নুরুল ইসলাম মণি জানিয়েছেন, সংবিধানের কোনো একটি অক্ষর পরিবর্তন করা হলেও সেটিকে সংশোধন হিসেবেই গণ্য করা হবে। তিনি বলেন, নতুন করে কিছু লিখব না, শুধুমাত্র সংশোধন করা হবে।
আজ বৃহস্পতিবার নির্বাচন ভবনে রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে প্রধান নির্বাচন কমিশনারের কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার পর তিনি এ কথা জানান। প্রধান হুইপ বলেন, দল ও জোটের পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে এবং তারা আশা করছেন ভোটে জয়ী হবেন।
নুরুল ইসলাম মণি বলেন, “আমরা দাঁড়ি-কমাসহ সব বাস্তবায়ন করব।” তিনি আরও জানান, এ জন্য সবাইকে বসতে হবে এবং সবার মতামত নিয়ে প্রয়োজনীয় সংশোধন এবং জুলাই সনদ বাস্তবায়ন করা হবে।
এদিকে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, এটি নিয়ম রক্ষার নির্বাচন নয়। তিনি বলেন, “তারা এমন কথা বলতেই পারেন। তার পরও নির্বাচনে অংশ নেওয়ার জন্য তাদের ধন্যবাদ।”
গয়েশ্বর চন্দ্র রায় আরও জানান, প্রধান হুইপ তাদের ডেকে তার সিদ্ধান্ত জানিয়েছেন।