ঢাকার সাভারে পৃথক অভিযান চালিয়ে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি উত্তর)। বুধবার (১২ আগস্ট) রাতে সাভার মডেল থানার আমিনবাজারের বড়দেশী ও জিনজিরা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- সাভারের বড়দেশী পশ্চিমপাড়া এলাকার শামসুদ্দিন হকের ছেলে মো: আগুন (২৯), একই এলাকার শামসুল হকের স্ত্রী জাহেদা (৪৮) এবং জিনজিরা কলমা এলাকার বুলু মিয়ার ছেলে মো: আল-আমিন (৩০)।
ঢাকা জেলা ডিবি উত্তর জানায়, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভিনের নির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ডিবি উত্তরের অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই (নিঃ) মো. মতিউর রহমান ও সঙ্গীয় ফোর্স বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বড়দেশী পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালান। এ সময় আগুন ও জাহেদাকে ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা ইয়াবার ওজন ১০ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ৩০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
অন্যদিকে, একই রাতে ডিবির এসআই (নিঃ) মো: শাহাদাৎ হোসেন ও সঙ্গীয় ফোর্স রাত সাড়ে ৯টার দিকে জিনজিরা এলাকায় পৃথক অভিযান চালিয়ে মো. আল-আমিনকে ৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেন। উদ্ধার করা ইয়াবার ওজন ৫ গ্রাম এবং আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার মো. আগুনের বিরুদ্ধে দুটি মাদক মামলাসহ মোট তিনটি মামলা রয়েছে। অপর গ্রেপ্তার জাহেদার বিরুদ্ধেও একটি মাদক মামলা রয়েছে। গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
ডিবি পুলিশ বলছে, মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।