August 13, 2026, 9:17 am

শেরপুরে পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক ও নারী আটক

শেরপুরে পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক ও নারী আটক

শেরপুরে জেলা পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মো. রুস্তম আলীকে এক নারীসহ আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে শহরের নবীনগর এলাকায় পাসপোর্ট অফিস ভবনের তৃতীয় তলায় কর্মকর্তার আবাসিক কক্ষ থেকে তাদের হেফাজতে নেওয়া হয়। শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে পাসপোর্ট অফিসের ভেতরে সহকারী পরিচালকের আবাসিক অংশে এক নারীকে প্রবেশ করতে দেখা যায়। পরে স্থানীয়দের মধ্যে সন্দেহ তৈরি হলে তারা পুলিশকে খবর দেন।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সহকারী পরিচালক ও ওই নারীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়। স্থানীয়রা জানান, ওই ভবনের একটি টেবিলের ওপর খালি মদের বোতল পাওয়া গেছে, যা মদ্যপানের অভিযোগের জন্ম দেয়।

ওই নারী নিজেকে অবিবাহিত পরিচয় দিয়ে দাবি করেন, রুস্তম আলী তার দূরসম্পর্কের দুলাভাই। তবে রাতে একই কক্ষে অবস্থানের কারণ সম্পর্কে তিনি স্পষ্ট কোনো ব্যাখ্যা দিতে পারেননি। রুস্তম আলী দাবি করেন, ওই নারীকে ভেতরে প্রবেশ করানোর সময় দু-একজন দেখেছে এবং পরে কয়েকজন ভেতরে ঢুকে নারীকে পাঁচ লাখ টাকা চেয়েছে।

ওসি মো. সোহেল রানা বলেন, নিরাপত্তার দিক বিবেচনায় তাদের রাত আড়াইটার দিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা