সৌদি আরব ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে সমুদ্র ও স্থলপথে বড় ধরনের সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে। বিভিন্ন ইয়েমেনি সূত্রের বরাতে আন্তর্জাতিক গণমাধ্যমে এ তথ্য প্রকাশিত হয়েছে। ধারণা করা হচ্ছে, লোহিত সাগর দিয়ে সৌদির তেল রপ্তানি কার্যক্রমে হুথিদের সম্ভাব্য বাধা মোকাবিলায় এই উদ্যোগ নেওয়া হচ্ছে।
সূত্রগুলো জানিয়েছে, ইয়েমেনের পূর্বাঞ্চল থেকে সৌদি বাহিনীর কিছু সেনা প্রত্যাহার করা হয়েছে, যা সম্ভাব্য স্থল অভিযানের প্রস্তুতির অংশ হতে পারে। একই সময়ে, লোহিত সাগর ও বাব আল-মান্দাব প্রণালিতে জাহাজ চলাচল নিরাপদ রাখতে একটি বহুজাতিক নৌ জোট গঠনের চেষ্টা করছে রিয়াদ।
সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তুরস্ক, পাকিস্তান, মিসর, সুদান ও জিবুতিসহ ১৪টি দেশ যৌথভাবে একটি সামুদ্রিক নিরাপত্তা জোট গঠনের পক্ষে সমর্থন জানিয়েছে।
হুথিরা ইয়েমেনের রাজধানী সানা এবং লোহিত সাগর উপকূলের বড় অংশ নিয়ন্ত্রণ করে। ২০ জুলাই তারা সৌদি জাহাজের ওপর অবরোধের ঘোষণা দেয়, তবে সব জাহাজের কাছ থেকে টোল আদায়ের পরিকল্পনার কথা অস্বীকার করেছে।
বিশ্লেষকদের মতে, যদি লোহিত সাগরের পাশাপাশি হরমুজ প্রণালিও সৌদি তেলবাহী জাহাজের জন্য বন্ধ হয়ে যায়, তাহলে দেশটির তেল রপ্তানি বড় ধরনের সংকটে পড়বে। গত দুই সপ্তাহে হুথি বিদ্রোহী ও সৌদি আরবের মধ্যকার সংঘাত নতুন মাত্রা পেয়েছে।