ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, কেশম দ্বীপে বেসামরিক নাগরিকদের হত্যার মাধ্যমে যুদ্ধক্ষেত্রের পরাজয় ঢাকার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। তিনি সতর্ক করেছেন যে, এর জন্য ওয়াশিংটনকে চরম মূল্য দিতে হবে।
শুক্রবার (৩১ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গালিবাফ বলেন, যুক্তরাষ্ট্র প্রতিদিনই নতুন নতুন অপরাধে নিজেদের হাত রক্তাক্ত করছে। কেশম দ্বীপের বেসামরিক বাড়িঘরে চালানো সন্ত্রাসী হামলা মিনাব ও লামের্দে সংঘটিত অপরাধের ধারাবাহিকতা।
তিনি আরও বলেন, যুদ্ধক্ষেত্রে যে আঘাত আমেরিকা পাচ্ছে, তা নিরীহ মানুষের রক্ত ঝরিয়ে পুষিয়ে নেওয়ার অভ্যাস তাদের হয়ে গেছে। তবে এর মূল্য তাদের দিতে হবে।
এর আগে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র দক্ষিণ ইরানের কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। হামলার লক্ষ্যবস্তু ছিল কেশম দ্বীপ এবং বুশেহর, ফারস ও খুজেস্তান প্রদেশের বিভিন্ন এলাকা।
সবচেয়ে প্রাণঘাতী হামলাটি ঘটে কেশম দ্বীপের চাহ তাঙ্গু এলাকায় একটি আবাসিক বাড়িতে। ওই হামলায় একই পরিবারের তিন সদস্য, বাবা, মা ও তাদের এক সন্তান নিহত হন। পরিবারটির অপর দুই সন্তান আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন।