বগুড়ার ধুনটে বিএনপির সাবেক এমপির গাড়িবহরে হামলা ও বিএনপি কার্যালয় ভাঙচুরের পৃথক দুই মামলায় আওয়ামী লীগের দুই নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩১ জুলাই) দুপুরে তাদের আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, কালেরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম মিঠু (৫৫) এবং মথুরাপুর ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী লাভলু খন্দকার (৩৮)। তাদের গ্রেপ্তার করা হয় বৃহস্পতিবার রাতে নিজ নিজ এলাকা থেকে।
মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১১ ডিসেম্বর ধুনট শহরের কলাপট্টি এলাকায় বিএনপির প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজের নির্বাচনী গণসংযোগ চলাকালে তার গাড়িবহরে হামলা হয়। হামলায় দুটি জিপ, দুটি মাইক্রোবাস ভাঙচুর এবং ১০টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় ২০২৪ সালের ৮ অক্টোবর রফিকুল ইসলাম শাহীন বাদী হয়ে মামলা দায়ের করেন।
অন্যদিকে, ২০২৩ সালের ৭ জুন ধুনট পৌর এলাকার পশ্চিম ভারনশাহী গ্রামে বিএনপি নেতাকর্মীদের কর্মীসভা চলাকালে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালিয়ে বিএনপির কার্যালয় ভাঙচুর করেন। এ ঘটনায় ২০২৫ সালের ২৬ জানুয়ারি আশাদুল ইসলাম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম জানান, এসব মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।