রাষ্ট্র মামলায় হেরে গেলেও সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়া একজন অ্যাটর্নি জেনারেলের জন্য সবচেয়ে বড় স্বস্তির বিষয় বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
শুক্রবার (৩১ জুলাই) দুপুরে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক নাগরিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভাটি সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ফাইমা নাসরিনের আগমন উপলক্ষ্যে অনুষ্ঠিত হয়।
অ্যাটর্নি জেনারেল বলেন, ‘যখন সমাজে এবং বিচারব্যবস্থায় ন্যায়বিচার সুপ্রতিষ্ঠিত হয়, তখন রাষ্ট্রের পক্ষে দায়িত্ব পালন করেও আমি আনন্দিত হই। রাষ্ট্র মামলায় হেরে গেলেও যদি একজন নাগরিক ন্যায়বিচার পান, সেটিই একজন অ্যাটর্নি জেনারেলের জন্য সবচেয়ে বড় স্বস্তির জায়গা।’
তিনি আরও উল্লেখ করেন, ‘আইনের শাসনের মূল উদ্দেশ্য হলো মানুষের অধিকার প্রতিষ্ঠা করা। প্রকৃত ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে কি না, সেটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
সভায় সভাপতিত্ব করেন কোটচাঁদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন অ্যাডভোকেট ফাইমা নাসরিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রনি। অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিক এবং সুধী সমাজের প্রতিনিধিরা অংশ নেন। বক্তারা আইনের শাসন প্রতিষ্ঠা এবং নাগরিক অধিকার সুরক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।