ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। শুক্রবার (৩১ জুলাই) দুপুরে রাজধানীর মধ্য বাড্ডায় সড়ক দুর্ঘটনায় নিহত পরিচ্ছন্নতাকর্মী শেফালী বেগমের মরদেহ দেখতে এসে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
শেফালী বেগম বর্জ্য ব্যবস্থাপনায় কর্মরত অবস্থায় আজ সকালে মধ্য বাড্ডায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা যান। প্রশাসক বলেন, যেসব যানবাহন ফিটনেসবিহীন অবস্থায় রাস্তায় চলাচল করে এবং যেসব ড্রাইভারের লাইসেন্স নেই ও অদক্ষ, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিআরটিএর সঙ্গে আলোচনা করে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
শফিকুল ইসলাম মিল্টন আরও বলেন, পরিচ্ছন্নতা কর্মীরা দিনরাত পরিশ্রম করে নগরের সেবা দিয়ে যাচ্ছেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে সতর্ক থাকতে হবে। তিনি বলেন, এ ধরনের মর্মান্তিক মৃত্যু আর যেন না ঘটে, সে বিষয়ে সবাইকে সতর্কতা অবলম্বন করতে হবে।
নিহত শেফালী বেগমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে প্রশাসক শোকাহত পরিবারকে সান্ত্বনা দেন। এ সময় নিহতের পরিবারকে ডিএনসিসির পক্ষ থেকে চার লাখ টাকা আর্থিক অনুদান এবং শেফালী বেগমের এক বছরের বেতন প্রদানের ঘোষণা দেওয়া হয়।
শোকাহত পরিবারকে সমবেদনা জানাতে এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর মো. হুমায়ুন কবির।