‘ক্রসফায়ার’ বলতে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বোঝাননি পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগের প্রসঙ্গেই তিনি শব্দটি ব্যবহার করেছেন বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।
সোমবার (২৬ অক্টোবর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিয়ে এ তথ্য জানায় সংস্থাটি। সকালে রাজধানীর চকবাজারে কমিউনিটি ব্যাংকের চকবাজার ইসলামিক ব্যাংকিং শাখার উদ্বোধনী অনুষ্ঠানে তাঁর বক্তব্যে ‘ক্রসফায়ার’ শব্দের ব্যবহার নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ ও শিরোনামের পরিপ্রেক্ষিতে এ ব্যাখ্যা দেওয়া হয়।
পুলিশ সদর দপ্তর জানায়, মাদক কারবারি, সন্ত্রাসী, চাঁদাবাজসহ জননিরাপত্তার জন্য হুমকি সৃষ্টিকারী অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার করেছেন আইজিপি। তবে বিচারিক প্রক্রিয়ার বাইরে কাউকে শাস্তি দেওয়া বা বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের উদ্দেশ্যে তিনি শব্দটি ব্যবহার করেননি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অপরাধ দমন, অপরাধী গ্রেপ্তার, জনশৃঙ্খলা রক্ষা এবং মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের অন্যতম প্রধান দায়িত্ব। এসব দায়িত্ব পালনকালে পুলিশ সদস্যদের অনেক সময় অপরাধী ও সংঘবদ্ধ হামলাকারীদের প্রতিরোধের মুখে পড়তে হয়।
পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম ১০ মাসে পুলিশের ওপর ১৭৬টি হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় চার পুলিশ সদস্য নিহত এবং ৩৭০ জন গুরুতর আহত হয়েছেন। প্রচলিত আইন অনুযায়ী পুলিশের আত্মরক্ষার অধিকার রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এদিকে, সাংবাদিকদের নিয়ে আইজিপির মন্তব্যের বিষয়েও ব্যাখ্যা দিয়েছে পুলিশ সদর দপ্তর। সংস্থাটি জানায়, সাংবাদিকদের সম্পর্কে ঢালাও মন্তব্য করার উদ্দেশ্য তাঁর ছিল না। অসাবধানতাবশত তিনি ওই মন্তব্য করেছেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মানবাধিকার সমুন্নত রাখা, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় পেশাদারত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ পুলিশ।