সম্ভাব্য সাইবার হামলার ঝুঁকি এড়াতে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সার্ভার সাময়িকভাবে বন্ধ রেখেছে নির্বাচন কমিশন (ইসি)। তথ্যভান্ডারের নিরাপত্তা নিশ্চিত করতে কারিগরি দল কাজ করছে। কাজ শেষ হলে দ্রুত সার্ভার চালু করা হবে বলে জানিয়েছে সংস্থাটি।
বুধবার (২৮ অক্টোবর) নির্বাচন কমিশন সচিবালয়ের এনআইডি অনুবিভাগ এ তথ্য জানায়।
এনআইডি অনুবিভাগের সিস্টেম ম্যানেজার মুহাম্মদ আশরাফ হোসেন বলেন, কারিগরি দল কাজ করছে। কাজ শেষ হলেই দ্রুত সার্ভার চালু করা হবে।
এর আগে সরকারি তথ্যভান্ডারের নিরাপত্তা নিয়ে সতর্কবার্তা জারি করে সাইবার নিরাপত্তাসংশ্লিষ্ট সরকারি সংস্থা বিজিডি ই-গভ। সম্ভাব্য সাইবার হামলার ঝুঁকি বিবেচনায় এনআইডি সার্ভার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
এদিকে, পিএইচপি প্রোগ্রামিং ভাষায় দুটি গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বাংলাদেশ ব্যাংকসহ কয়েকটি ব্যাংকের ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। পরে গত রোববার বাংলাদেশ ব্যাংকের সার্ভার পুনরায় সচল করা হয়।
বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা জানান, নিরাপত্তা নিয়ে উদ্বেগ শুধু বাংলাদেশ ব্যাংকের মধ্যে সীমাবদ্ধ নয়। বিশ্বব্যাপী সাইবার নিরাপত্তার ঝুঁকি বিবেচনায় সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে ওয়েবসাইট বন্ধ রাখা হয়েছিল।