October 28, 2026, 2:05 pm

বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কুপিয়ে লাখ টাকা ছিনতাই

বাগেরহাট সদর উপজেলায় শেখ আল আমিন (৩৪) নামে বাংলালিংকের এক কর্মীকে কুপিয়ে প্রায় এক লাখ টাকা ও অফিসের ব্যাগ ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

বুধবার (২৮ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার ষাটগম্বুজ এলাকার কাঠালতলা মোড়ে এ ঘটনা ঘটে। আহত আল আমিনকে উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আল আমিন বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি বাংলালিংকের কর্মী হিসেবে কাজ করেন।

আহত আল আমিনের ভাষ্য, ঘটনার সময় পেছনের সড়ক দিয়ে যাওয়ার পথে একটি মোটরসাইকেলে থাকা তিন ব্যক্তি তাঁর পথরোধ করেন। তাঁদের একজনের মাথায় হেলমেট ছিল। পরে তাঁরা চাইনিজ কুড়াল দিয়ে তাঁকে এলোপাতাড়ি কোপান। একপর্যায়ে তাঁর ব্যাগ নিয়ে পালিয়ে যান। ব্যাগে টাকা ও পণ্যসহ প্রায় এক লাখ টাকার মালামাল ছিল বলে জানান তিনি। হামলাকারীদের কাউকে চিনতে পারেননি আল আমিন।

স্থানীয় বাসিন্দা শেখ তানভীর জানান, হামলার পর আল আমিন তাঁকে ফোন করে বিষয়টি জানান। পরে ঘটনাস্থলে গিয়ে তাঁকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

আল আমিনের সহকর্মী মো. মাছুম বিল্লাহ আহমেদ বলেন, ঘটনার আগে আল আমিনের সঙ্গে তাঁর কথা হয়েছিল। দ্রুত ব্যাংকে যাওয়ার কথা বলে তিনি বের হয়েছিলেন। পরে ফোন করে হামলা ও টাকা ছিনিয়ে নেওয়ার কথা জানান।

বাগেরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার সমাদ্দার বলেন, বিকেলে আহত আল আমিনকে হাসপাতালে আনা হয়। তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি করা হয়েছে।

বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল আরেফিন বলেন, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাগেরহাট প্রতিনিধি:

 

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা