October 28, 2026, 1:05 pm

কাকিনায় শিশু ধর্ষণের অভিযোগে ফুঁসে উঠল শিক্ষার্থীরা, মহাসড়ক জুড়ে বিক্ষোভ ও মানববন্ধন

লালমনিরহাটের কালীগঞ্জে ১২ বছর বয়সী এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগের বিচার ও অভিযুক্ত ব্যক্তির সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন শিক্ষার্থীসহ স্থানীয় সচেতন মানুষ। বুধবার (২৮ অক্টোবর) লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের কাকিনা এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। এ সময় সড়কে যান চলাচল কিছুটা ব্যাহত হয়। পরে আন্দোলনকারীরা লালমনিরহাটের পুলিশ সুপার বরাবর স্মারকলিপি দেন।

স্মারকলিপি সূত্রে জানা যায়, গত ২০ আগস্ট কালীগঞ্জ উপজেলার কাকিনা এলাকার মহিমা রঞ্জন স্মৃতি উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ১২ বছর বয়সী এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ ওঠে। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে আন্দোলনকারীরা অভিযোগের নিরপেক্ষ তদন্ত, দ্রুত বিচার এবং আইন অনুযায়ী দোষী ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

স্মারকলিপিতে ভুক্তভোগী শিশু ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসা, মানসিক সহায়তা ও আইনি সহযোগিতা দেওয়ার আহ্বান জানানো হয়। একই সঙ্গে তদন্ত ও বিচারপ্রক্রিয়ায় কোনো ধরনের প্রভাব বা পক্ষপাত যেন না থাকে, সে বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়।

এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন সহিংসতা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান আন্দোলনকারীরা। অভিযোগের সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধ প্রমাণিত হলে আইন অনুযায়ী অভিযুক্ত ব্যক্তির সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা ।

লালমনিরহাট প্রতিনিধি :

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা