এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ:
পরিষ্কার-পরিচ্ছন্ন ও সবুজ নারায়ণগঞ্জ গড়ার লক্ষ্যে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের উদ্যোগে বিশেষ পরিচ্ছন্নতা কর্মসূচি চলমান রয়েছে।
তারই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের নির্দেশনায় গতকাল সোমবার থেকে চাষাঢ়া টু সাইনবোর্ড লিংক রোডে এই কর্মসূচি চলছে।
কর্মসূচির আওতায় রাস্তার ওপর পরে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার, রাস্তার দুই পাশের কিনারে জমে থাকা আবর্জনা অপসারণ এবং রাস্তার মধ্যবর্তী ডিভাইডারে লাগানো গাছের পরিচর্যা করা হচ্ছে। ডিভাইডারের গাছের ডালপালা ছেঁটে গোড়ায় পানি দেওয়া হচ্ছে।
সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা ভেকু ও অন্যান্য সরঞ্জাম ব্যবহার করে রাস্তার পাশে জমে থাকা সকল ময়লা পরিষ্কার করছেন। দীর্ঘদিন ধরে পড়ে থাকা বর্জ্য অপসারণের ফলে সড়কটির সৌন্দর্য ফিরতে শুরু করেছে এবং যান চলাচলেও স্বস্তি ফিরেছে।
এ বিষয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, একটি পরিষ্কার-পরিচ্ছন্ন নগরী গড়তে আমরা বদ্ধপরিকর। চাষাঢ়া-সাইনবোর্ড লিংক রোড নারায়ণগঞ্জের প্রবেশদ্বার। এই সড়কটি পরিষ্কার রাখা আমাদের প্রথম দায়িত্ব। আমরা চাই নারায়ণগঞ্জ হবে গ্রিন, ক্লিন ও বাসযোগ্য নগরী।
তিনি আরও বলেন, শুধু সিটি করপোরেশন একা এই শহর পরিষ্কার রাখতে পারবে না। নগরবাসীকে সচেতন হতে হবে। যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার জন্য আমি সকলের প্রতি আহ্বান জানাচ্ছি। আপনারা সহযোগিতা করলে আমরা একটি দৃষ্টিনন্দন নারায়ণগঞ্জ উপহার দিতে পারবো। পর্যায়ক্রমে নগরীর সকল সড়কে এই পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয়রা জানান, এই সড়কটি নারায়ণগঞ্জের অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক। প্রতিদিন লাখ লাখ মানুষসহ হাজার হাজার যানবাহন চলাচল করে। ময়লা-আবর্জনার কারণে দুর্গন্ধ ও পরিবেশ দূষণ হচ্ছিল। সিটি করপোরেশনের এই উদ্যোগকে তারা সাধুবাদ জানিয়েছেন।