October 27, 2026, 6:27 am

আইজিপির ‘ক্রসফায়ার’ বক্তব্যের প্রতিবাদ জামায়াত-শিবিরের, ক্ষমা চাওয়ার দাবি

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের ‘ক্রসফায়ার’ সংক্রান্ত বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির। বক্তব্য প্রত্যাহার করে জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে ছাত্রশিবির।

সোমবার (২৭ অক্টোবর) পৃথক বিবৃতিতে সংগঠন দুটি এ প্রতিবাদ ও দাবি জানায়।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, আইনশৃঙ্খলা রক্ষা ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের দায়িত্ব। পুলিশ নাগরিকের সেবক, শাসক নয়। আইজিপির বক্তব্যের প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, এ ধরনের বক্তব্য সংবিধান ও আইনের শাসনের পরিপন্থি।

বিবৃতিতে তিনি অভিযোগ করেন, ফ্যাসিবাদী শাসনামলে বিনা বিচারে হত্যা, গুম ও ক্রসফায়ারের মতো ঘটনা ঘটেছে। আইজিপির বক্তব্যে সে ধরনের কর্মকাণ্ডের পুনরাবৃত্তির ইঙ্গিত রয়েছে। এ বিষয়ে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে আশা প্রকাশ করেন তিনি।

জামায়াতের বিবৃতিতে আরও বলা হয়, সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কার্যকর ভূমিকা রাখতে হবে। নাগরিকদের জীবনযাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক করতে বাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানানো হয়।

অন্যদিকে, ছাত্রশিবিরের সভাপতি নূরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ এক বিবৃতিতে আইজিপির বক্তব্য প্রত্যাহার এবং নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানান।

তারা বলেন, ক্রসফায়ারের মতো বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘোষণা সংবিধান, মানবাধিকার ও আইনের শাসনের ওপর আঘাত। সংবিধানের ৩১ ও ৩২ অনুচ্ছেদে নাগরিকের আইনি সুরক্ষা, জীবন ও ব্যক্তিস্বাধীনতার নিশ্চয়তা দেওয়া হয়েছে। এসব অধিকার উপেক্ষা করে কারও জীবন কেড়ে নেওয়ার অধিকার পুলিশের নেই।

শিবির নেতারা আরও বলেন, অপরাধী নির্ধারণ ও তার শাস্তি দেওয়ার এখতিয়ার আদালতের। পুলিশের দায়িত্ব অপরাধ তদন্ত করা এবং অভিযুক্ত ব্যক্তিকে বিচারের মুখোমুখি করা। আইজিপির বক্তব্যের ব্যাখ্যায় পুলিশ সদর দপ্তরের দেওয়া বিবৃতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তারা।

এর আগে সোমবার সকালে রাজধানীর চকবাজারে কমিউনিটি ব্যাংকের চকবাজার ইসলামিক ব্যাংকিং শাখার উদ্বোধনী অনুষ্ঠানে আইজিপি মো. আলী হোসেন ফকির বলেন, ‘যেখানে ক্রসফায়ার প্রয়োজন হয়, সরকার যদি এলাউ করে, তাহলে আমরা সেটাই করব।’

এ বক্তব্য নিয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদের পরিপ্রেক্ষিতে পুলিশ সদর দপ্তর জানায়, মাদক কারবারি, সন্ত্রাসী, চাঁদাবাজ ও জননিরাপত্তার জন্য হুমকি সৃষ্টিকারীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার বোঝাতে গিয়ে আইজিপি ‘ক্রসফায়ার’ শব্দটি আক্ষরিক অর্থে উল্লেখ করেছেন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা