October 13, 2026, 11:58 am

তুহিন হত্যা মামলা: আইভীর পুনরায় জামিন মঞ্জুর

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গণঅভ্যুত্থান চলাকালে রিকশাচালক তুহিন হত্যা মামলায় সাবেক সিটি মেয়র ও জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি সেলিনা হায়াৎ আইভীর পুনরায় জামিন মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ উভয় পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন।

সকাল ১০টা ৫৫ মিনিটে কড়া পুলিশি প্রহরায় আদালতে পৌঁছান আইভী। পরে তাকে আদালতকক্ষে নেওয়া হয়। এ সময় আদালত প্রাঙ্গণে আইনজীবী, গণমাধ্যমকর্মী ও তার সমর্থকদের উপস্থিতি ছিল।

শুনানিতে আইভীর প্রধান আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন বলেন, মামলার তদন্ত শেষে পুলিশ চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে। তদন্তে বিস্ফোরকের কোনো আলামত কিংবা ঘটনার সঙ্গে আসামির প্রত্যক্ষ বা পরোক্ষ সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। এর আগে এ মামলায় আইভী জামিনে ছিলেন বলেও আদালতকে জানান তিনি।

অন্যদিকে, জামিনের বিরোধিতা করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ও নারায়ণগঞ্জ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) জাকির হোসেন। তিনি জানান, জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ থেকে নারাজি পিটিশন দেওয়া হবে। উভয় পক্ষের দীর্ঘ শুনানি শেষে আদালত আইভীর পুনরায় জামিন মঞ্জুর করেন।

আদালতের কার্যক্রম শেষে বের হওয়ার সময় গাড়িতে ওঠার আগে আইভী ‘জয় বাংলা’ ও ‘দাবিয়ে রাখা যাবে না’ স্লোগান দেন।

আদালত সূত্রে জানা গেছে, বুধবার (১৪ অক্টোবর) অন্য একটি মামলায় নারায়ণগঞ্জ জেলা জজ আদালতে আইভীর হাজিরার দিন ধার্য রয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা