প্রতিনিধি :
বিরোধী দল দায়িত্বশীল ভূমিকা পালন না করলে দেশে ফ্যাসিবাদ ফিরে আসার দায় জামায়াতকে নিতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেন, ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরাচার পরাজিত হওয়ার পর দেশ যখন স্থিতিশীলতার দিকে এগোচ্ছে, তখন আবারও ফ্যাসিবাদী শক্তি মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে।
শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে ফরিদপুরের নগরকান্দায় দেশজুড়ে সন্ত্রাস, নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির প্রতিবাদে বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, “১৭ বছর নির্যাতন দেখেছি, হামলা-মামলা দেখেছি, গুম দেখেছি।” এ অভিজ্ঞতার পর দেশে আবারও ফ্যাসিবাদী শক্তির উত্থানের চেষ্টা রুখে দিতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
বিদ্যুৎ খাত প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী অভিযোগ করেন, আওয়ামী লীগ এ খাতে সবচেয়ে বেশি দুর্নীতি করেছে। তাঁর দাবি, ইউনূস সরকারের সময়ও এ খাতে উল্লেখযোগ্য কাজ হয়নি। বর্তমান সরকার বিদ্যুৎ খাতের পরিস্থিতি স্বাভাবিক করার পাশাপাশি দেশের নিজস্ব সম্পদ কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনে গুরুত্ব দিচ্ছে বলেও জানান তিনি।
দলীয় নেতাকর্মীদের সতর্ক করে শামা ওবায়েদ বলেন, দলের ভেতরে যেন স্বৈরাচারী শক্তি প্রবেশ করে কোনো ক্ষতি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। একই সঙ্গে মুক্তিযোদ্ধাদের আড়াল ও অপমান করার চেষ্টাকারীদের বিরুদ্ধে বিএনপির অবস্থান রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
বিক্ষোভ মিছিলটি নগরকান্দা সদর পেট্রোল পাম্প থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে নগরকান্দা এমএন একাডেমি মাঠে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়। এতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।