October 9, 2026, 10:28 pm

ইয়াবাসহ গ্রেপ্তারের পর যুবদল নেতা রাশেদকে বহিষ্কার

প্রতিনিধি :
চট্টগ্রামের মিরসরাই উপজেলার হাইতকান্দি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. রাশেদকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। ইয়াবাসহ গ্রেপ্তারের ঘটনার পরিপ্রেক্ষিতে তার প্রাথমিক সদস্যপদসহ সব ধরনের দলীয় পদ বাতিল করেছে চট্টগ্রাম উত্তর জেলা যুবদল।

শুক্রবার (৯ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক এস এম মুরাদ। এর আগে বৃহস্পতিবার জেলা যুবদলের দপ্তর সম্পাদক আবু সাঈদের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে জেলা যুবদলের সভাপতি হাসান মুহাম্মদ জসিম ও সাধারণ সম্পাদক এস এম মুরাদ চৌধুরী রাশেদের বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নিয়েছেন। একই সঙ্গে বহিষ্কৃত ব্যক্তির কোনো অপকর্মের দায় দল নেবে না জানিয়ে যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীকে তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

তবে বিজ্ঞপ্তিতে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ সম্পর্কে বিস্তারিত উল্লেখ করা হয়নি।

জানা গেছে, গত ২০ সেপ্টেম্বর চট্টগ্রাম নগরের পাহাড়তলী এলাকায় এক হাজার পিস ইয়াবাসহ রাশেদকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় পাহাড়তলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।

জেলা যুবদলের সাধারণ সম্পাদক এস এম মুরাদ বলেন, দলীয় পদে থেকে কেউ অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকতে পারবেন না। রাশেদের বিরুদ্ধে এমন অভিযোগ থাকায় তাকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা