দিনাজপুর জেলা প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ীতে কু-প্রস্তাবে রাজি না হওয়ায় এক বিধবা নারী ও তার দুই ছেলেকে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মোছাঃ মাবিয়া বেগম (৪৫) বাদী হয়ে ফুলবাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্তরা হলেন- উপজেলার উত্তর রামভদ্রপুর গ্রামের মৃত শাহাদত হোসেনের ছেলে মোঃ মাজারুল ইসলাম (৪৮) ও তার দুই ছেলে। সম্পর্কে অভিযুক্ত মাজারুল ভুক্তভোগীর দেবর এবং অপর দুজন তার ভাতিজা।
অভিযোগ সূত্রে জানা যায়, স্বামী মারা যাওয়ার পর থেকে ভুক্তভোগী বিধবা নারীকে তার দেবর বিভিন্ন সময়ে কু-প্রস্তাব দিয়ে আসছিল। গত ৬ অক্টোবর রাতে কু-প্রস্তাবে রাজি না হওয়ায় তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেয় অভিযুক্তরা।
এর জের ধরে গত ৮ অক্টোবর সকাল ৯টার দিকে পূর্বপরিকল্পিতভাবে বাড়ির মাঝখানে থাকা টিনের পার্টিশন খুলে দিয়ে ঝগড়ার সৃষ্টি করে তারা। এ সময় বাধা দিতে গেলে ভুক্তভোগীর বড় ছেলে মানিক ইসলাম (২৮)-কে লাঠি দিয়ে পিটিয়ে ডান পা থেঁতলে দেয় এবং ভুক্তভোগীকে এলোপাতাড়ি পিটিয়ে মাথায় গুরুতর রক্তাক্ত জখম করে। এ সময় তার ছোট ছেলেকেও মারধর করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ভুক্তভোগী মাবিয়া বেগম ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।